সাভার প্রতিনিধি :
নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া প্রভাষক হাসান মাহমুদকে বরখাস্ত করা হলেও জামিনে এসে ক্ষমতা দেখিয়ে ক্লাস নিচ্ছেন তিনি। তবে তার বরখাস্তের আদেশ এখনও বহাল রয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে কলেজে ক্লাস নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং বরখাস্ত হওয়া শিক্ষক হাসান মাহমুদ। তবে বরখাস্ত হয়েও কর্মকান্ড পরিচালনা করা যাবে কি না তা নিশ্চিত নন প্রভাষক হাসান মাহমুদ।
হাসান মাহমুদ সাভার মডেল কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার শিখ্যগ্রামের আনিসুল হকের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ১৮ নভেম্বর ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে গোপন বৈঠক করেন ঢাকা ও সারা দেশ থেকে আসা জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
যেখানে তারা রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা করেন। এসবে প্রভাষক হাসান মাহমুদ অংশ নেন এবং ৬৬ জনের সাথে তিনিও গ্রেপ্তার হন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। এঘটনায় তাকে বরখাস্ত করা হয়েছে।
সার্ভিস রুলস অনুযায়ী, কোন শিক্ষক যদি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকেন, রাজনৈতিক বা ব্যক্তিস্বার্থ উদ্ধারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দল, ছাত্র বা শিক্ষকের বিরুদ্ধে অন্য দল, শিক্ষক বা ছাত্রকে উত্তেজনায় প্রভাবিত করতে পারে এমন কাজ করলে ওই শিক্ষককে চাকুরি থেকে বরখাস্ত করা যেতে পারে। এমনকি দোষ প্রমানিত হলে চাকরি থেকে অপসারণ পর্যন্ত করার বিধান রয়েছে।
এব্যাপারে নাশকতা মামলার আসামি প্রভাষক হাসান মাহমুদ বলেন, আমার জানা মতে জামিনে আসার পর শিক্ষক তার দায়িত্ব পালন করতে পারেন। এজন্য জামিনে এসে আমি কলেজে যাচ্ছি নিয়মিত।
সাভার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিরাজুল ইসলাম বলেন, আমি একটা নীতিমালা দেখলাম, ১৯৭৯ সালের নীতিমালা অনুযায়ী কলেজের কাউকে সাময়িক বরখাস্ত করা যায় না।
দোষী সাব্যস্ত হলে তাকে চাকরি একবারে ক্লোজ করা যায়। উনি সেই কাজে গেছেন। আমি বলেছি প্রয়োজনীয় কাজপত্র নিয়ে আমার কাছে জমা দিয়ে তার পর কলেজে আসবেন। এভাবে বলেছি তাকে। সোমবারে আমাকে কাগজপত্র হয়তো দেবেন।
আমরা চাই সবকিছুই যেন আইনগত হয়। ইউএনও মহোদয়ের সাথে দেখা করে আইনগত প্রক্রিয়ায় যা হবে তাই করা হবে। আমি কাউকে সুবিধাও দিতে চাই না। কারও অধিকার খর্ব করতেও চাই না।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ওই শিক্ষক নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। বর্তমান অবস্থা এই মহুর্তে জানা নেই।
তবে তার বরখাস্তের আদেশ এখনও বহাল রয়েছে। বরখাস্ত অবস্থায় তিনি জামিনে এসে কর্মকান্ড পরিচালনা করতে পারেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি জেনে বিস্তারিত বলা যাবে।