মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কেওয়াগ্রাম এলাকায় বসবাসরত হেরে না যাওয়া একজন সফল কৃষকের গল্প।
সরেজমিনে দেখা যায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কেওয়াগ্রাম বসবাসরত মৃত হালিম মোল্যার ছেলে কৃষক মো. রেজাউল করিম (৪৪) বহুদিন যাবৎ বেকার জীবন যাপন করে হতাশায় ভুগছিল।
এরপর সবজি চাষের মাধ্যমেই শুরু হয় রেজাউল করিম এর সফলতার গল্প। বর্তমানে তিনি পাঁচ বিঘা জমিতে সবজি চাষ করছেন। সবজি চাষ করেই সংসারে এনেছেন সচ্ছলতা। এলাকায় সৃষ্টি করেছেন সফলতার উদাহরণ।
রেজাউল করিম বলেন, আমি বহুদিন যাবৎ পরিবার পরিজন নিয়ে হতাশায় ভুগছিলাম। তখন বিভিন্ন এনজিও হতে লোন নিয়ে এক বিঘা জমিতে সবজি চাষ শুরু করি।
এখন আমার প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাভ থাকে। আমি বর্তমানে পাঁচ থেকে ছয় বিঘা জমিতে সবজি চাষ করছি। আমার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে এখন আমি ভাল আছি। বর্তমানে আমার জমিতে কাজ করে অনেকের সংসার চলে।
রেজাউল বলেন কোন প্রশিক্ষন ছাড়া নিজের চেষ্টায় আমি এখানে এসেছি। বোয়ালমারী উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে আজ পযন্ত আমি কোন সহযোগিতা পাই নি।
তিনি অারও বলেন, আমি শীত মৌসুম উপেক্ষা করে চার বিঘাতে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, মুলা, শিম, টমেটো,লাউ চাষ করেছি আমার বিশ্বাস শীত এই মৌসুমে আমি ৩/৪ লাখ টাকা উপার্জন করবো।
সফল চাষি রেজাউল বলেন সবজি চাষের লাভ থেকে তিনি দুই ছেলে ও এক মেয়ের লেখাপড়ার খরচ চালান । বর্তমানে পাঁচ জনের সংসারের ভরণপোষণ এবং ছেলেমেয়ের লেখাপড়ার খরচ আসে সবজি চাষের লাভের টাকা থেকেই।
সবজি চাষ করেই তিনি পরিবার নিয়ে ভালোই আছেন। দেশীয় পদ্ধতিতে চাষ হওয়ায় বাজারে তার সবজির যথেষ্ট চাহিদা রয়েছে। বিক্রিতেও ভালো দাম পাওয়া যায়। কৃষক এ পদ্ধতিতে সবজি চাষ করলে লাভবান হতে পারেন।
তিনি জানান, সরকারি কোন প্রণোদনা বা সহযোগিতা পেলে আরও ভালো কিছু করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন। রেজাউল বলেন, আমার এ ফসল দেখে পাশাপাশি অনেক বেকার যুবক ও লোকজন এ ধরনের উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
কৃষক রেজাউল জানান, বর্তমান শুষ্ক মৌসুমে আমাকে সরকারিভাবে একটি পাওয়ার টিলার মেশিন এবং গাছে ঔষধ ছিটানোর জন্য উন্নত মানের স্প্রে মেশিন প্রদান করলে কৃতজ্ঞ থাকবো ।
কেওয়াগ্রামের বাসিন্দা টিটো মৃধা বলেন, কৃষক রেজাউল সত্যিকারের একজন সফল কৃষক, বহু কষ্ট করে স্ত্রী, সন্তানদের নিয়ে রাত-দিন পরিশ্রম করে যাচ্ছে।
তার কৃষি চাষ দেখে এলাকার আরও বহু যুবক ও লোকজন এ ফসলি কাজে এগিয়ে আসছে। এদিকে সরকারিভাবে এ কৃষককে সহযোগিতা করলে সামনে আরও ভালো কিছু করতে পারবে বলে আমি মনে করি।
বোয়ালমারী উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় বলেন, চাষি রেজাউলকে ধন্যবাদ তিনি সফলতার সঙ্গে সবজি চাষ করে যাচ্ছেন,তিনি আমাদের কাছে সহযোগিতা চাইলে সব সময় পাশে পাবেন।