আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বোয়ালমারীতে ভোট না দেয়ায় রেশন কার্ড বাতিল

মুকুল বোস, বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নে উদ্দেশ্যমূলক ও বেআইনিভাবে একই গ্রামের ৬৩ সুবিধাভোগীর রেশন কার্ড (১০ টাকার চাউল) বাতিলের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রমও সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের ১ নং ওয়ার্ড তথা হাসামদিয়া গ্রামের সাহিদ বিশ্বাস, সঞ্জয় শীল, কুদ্দুস মোল্লা, ফাতেমা বেগম, আয়েশা খাতুনসহ মোট ৬৩ টি পরিবার দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার রেশন কার্ড ভোগ করে আসছিলেন।

উচ্চমূল্যের এই বাজারে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাউল কিনতে পেরে জীবন যাত্রায় অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন নিম্ন আয়ের এ পরিবার গুলো। কিন্তু মো. রফিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হবার পর সম্প্রতি নতুন তালিকা প্রস্তুতের সময় রহস্যজনকভাবে তাদের কার্ডগুলো বাতিল করে দেন।

মাত্র একটি গ্রাম থেকে একই সময়ে এক সঙ্গে এতগুলো কার্ড বাতিল হয়ে যাওয়ায় এ নিয়ে ব্যাপক হৈচৈ শুরু হয়। এক পর্যায়ে ভুক্তভোগী পরিবার গুলো জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন।

এর আলোকে ১১ অক্টোবর সকাল ১০ টায় সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা। তিনি সরাসরি ভুক্তভোগীদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেন।

ভুক্তভোগী মোঃ মাসুদ শেখ, সঞ্জয় শীলসহ আরো অনেকে বলেন, আমরা খেটে খাওয়া নিম্ন আয়ের দরিদ্র মানুষ। বিগত চেয়ারম্যান সব কিছু যাচাই-বাছাই করে আমাদের কার্ড দিয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যানকে আমরা ভোট দেইনি এমন সন্দেহ করেই তিনি আমাদের কার্ড বাতিল করে দিয়েছেন।

এমনকি কার্ড নবায়নের কথা বলে ট্যাক্সের নামে বিভিন্ন জনের কাছ থেকে ২৫০ থেকে ৫/৭ শ করে টাকা নেয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের কার্ড বাতিল করা হয়েছে। এটা অন্যায়, অমানবিক। কার্ড বাতিল হওয়ায় আমরা এখন চরম দুর্দিনের মধ্যে দিনাতিপাত করছি।

ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু বলেন, ঘটনাটি আমিও জানতে পেরেছি। কার্ড হারিয়ে অনেকেই এখন দিশেহারা। কান্না জড়িত কন্ঠে কেউ-কেউ আমাকে বিষয়টি জানিয়ে সহায়তা চেয়েছেন।

রেশন কার্ড দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর একটি মানবিক সহায়তা। এ নিয়ে কোন চেয়ারম্যানের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা বা অপরাজনীতি মোটেও কাম্য নয়।
জানতে চাইলে চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আর্থিক স্বচ্ছলতা, আইডি কার্ডের সমস্যা, একাধিক সুবিধা ভোগসহ নানা কারনে কার্ড বাতিল হতে পারে।

এর পিছনে আমার কোন অসৎ উদ্দেশ্য বা নোংরা রাজনীতির সুযোগ নেই।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তা মো. রেজাউল আলম বলেন, ভুক্তভোগীদের বক্তব্য শুনেছি। বৃহস্পতিবার তাদের আইডি কার্ড সাথে নিয়ে আসতে বলেছি।

যাচাই-বাছাই শেষে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করা হবে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, কার্ড বাতিলের একক ক্ষমতা কোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেবের নেই।

শুধু আপত্তি উত্থাপিত ৬৩ টি কার্ডই নয়, ইউনিয়নের সুবিধাভোগী সব পরিবারের বিষয়ে তদন্ত করা হবে।

সুবিধাভোগীদের কেউ কেউ ইত্যবছরে সক্ষমতা অর্জন করে থাকতে পারে, আবার সক্ষম কোন পরিবার এরই মধ্যে অবস্থার অবনতি ঘটতে পারে।

বিভিন্ন দিক বিবেচনায় পুরনো কার্ড বাতিল এবং নতুন অন্তর্ভূক্তি হতে পারে। তিনি বলেন, আগামীকাল থেকে সরেজমিনে তদন্তের কাজ শুরু হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ