আলম শাওন,বিয়ানিবাজার প্রতিনিধি :
বিয়ানীবাজার সরকারি কলেজে শিক্ষক পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত প্রায়। অর্ধেক শিক্ষক পদ শূন্য হওয়ায় বিয়ানীবাজার সরকারি কলেজের সব বিভাগে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজ কর্তৃপক্ষ এ বিষয়টি জাতীয় বিশ্ব বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতি মাসে অবহিত করে আসলেও এখনো কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি বলে জানা গেছে। বিয়ানীবাজার সরকারি কলেজের ৪৯টি শিক্ষক পদের মধ্যে ২০টি শূন্য রয়েছে।
জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অনুমতি নিয়ে শিক্ষকরা পছন্দের কলেজে বদলি হয়েছেন। কিন্তু তাদের শূন্যস্থান পুরণ হয়নি বছরের পর বছর ধরে। সর্বশেষ দুই মাস পূর্বে দর্শন বিভাগের প্রভাষক ইশতিয়াক আহমেদ বদলি হয়ে অন্যত্র চলে গেছেন।
এছাড়া গত দুই বছরে শূন্য পদ পুরণে বিভিন্ন বিভাগে ৬জন প্রভাষক (নতুন বিসিএস) নিয়োগ দেয়া হয়েছে। এ ছয়জন প্রভাষক যোগদানের পরও ৭ আগস্ট পর্যন্ত কলেজে ২০টি শিক্ষক পদ শূন্য রয়েছে।
কলেজের বাংলা বিভাগে ছয় পদের তিনটি শূন্য রয়েছে। এছাড়া দুইটি করে পদ শূন্য রয়েছে অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান,
রসায়ন বিজ্ঞান এবং গণিত। উদ্ভিদ বিজ্ঞানের দুইটি পদের একটি শূন্য এবং কম্পিউটার ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে একটি করে পদ থাকলেও সেগুলো শূন্য রয়েছে। শুধুমাত্র ইংরেজি বিভাগ ব্যাতিক্রম। এ বিভাগের চারপদের সবগুলো পদে শিক্ষক রয়েছেন।
কলেজ সংশ্লিষ্টরা জানান, শূন্য পদের মধ্যে ১৪টি প্রভাষক, ১টি সহযোগী অধ্যাপক এবং ৪টি সহকারি অধ্যাপকের পদ শূন্য রয়েছে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের পদ থাকলেও এসব পদের শিক্ষকদের বেশিরভাগ সময় অতিবাহিত হয় প্রশাসনিক কাজে।
দশ হাজারের বেশি শিক্ষার্থীর এ কলেজের শিক্ষক সংকট লাঘব করতে কলেজ কর্তৃপক্ষ খ-কালীন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম কিছুটা স্বচল রাখার চেষ্টা করছে। এসব শিক্ষকদের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
কলেজ শিক্ষার্থীরা জানান, কলেজে শিক্ষার পরিবেশ খুবই ভাল। তবে শিক্ষক সংকটের কারণে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। এ অবস্থায় শেষ দুই সেমিষ্টার ভালভাবে শেষ করতে পারবেন কি না তারা উদ্বেগ প্রকাশ করেন।
বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রফিকুল ইসলাম মল্লিক বলেন, শিক্ষক পদ শূন্য থাকার বিষয়টি প্রতি মাসে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
শিক্ষক পদ শূন্য থাকায় খ-কালীন শিক্ষক দিয়ে কোনভাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ক্ষেত্রে মান সম্পন্ন শিক্ষক পাওয়াও কষ্টকর।
শূন্যপদ পুরণ করার মাধ্যমে পাঠদান কার্যক্রমের বর্তমান অবস্থার উত্তরণ সম্ভব। কলেজের শূন্য পদে শিক্ষক নিয়োগ দান করতে উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।