আজ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ ইং

রানা প্লাজা ট্রাজেডি: ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্বরণসহ নানা দাবি

নিজস্ব প্রতিবেদক :

পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের সবচেয়ে দুঃসহ বিস্মৃতির দিন রানা প্লাজা ট্রাজেডি। এই দিনে জীবিকার জন্য জীবন দিয়েছিলেন ১ হাজার ১৭৫ জন শ্রমিক এবং আহত হন ২ হাজার ৭৬৯ জন। দিনটি ফুলেল শ্রদ্ধা আর স্বজনদের বাঁধ ভাঙা কান্না ও আহাজারি মধ্য দিয়ে স্বরণ করছেন নিহতের স্বজন, আহত শ্রমিকসহ শ্রমিক নেতৃবৃন্দ।

রবিবার (২৪ এপ্রিল) সকাল থেকে ধসে পড়া রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের স্বরণে নির্মিত বেদীদে বিভিন্ন শ্রমিক সংগঠন, আহত ও নিহতের স্বজনসহ সাধারন মানুষ শ্রদ্ধা জানান।

এসময় শ্রমিক নেতারা বলেন- আমরা কে.টি.এস. স্পেকট্রাম, তাজরীন, স্মার্ট, রানা প্লাজা, আসওয়াদ, টাম্পাকো, হাসেম ফুডস ট্রাজেডি আর দেখতে চাই না। কিন্তু শ্রমিকের মৃত্যুর মিছিল চলছেই।

শ্রমিক নেতারা বলেন- এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের স্থায়ী পুনর্বাসন, আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও মানসিক ট্রমা থেকে মুক্ত করার জন্য পর্যাপ্ত সহযোগিতা করা প্রয়োজন এবং অনেক ক্ষেত্রেই প্রকৃত ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবার ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ পাননি।

বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন ঠান্ডু বলেন- শ্রমজীবী মানুষের জীবন ও কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়ে কারখানা মালিক ও শ্রমিক নিয়োগকারীদের অবজ্ঞা, অবহেলা, উদাসীনতা ও আইন অমান্য করার প্রবণতা, সরকারের নিয়মিত পরিদর্শন ও আইন বাস্তবায়নে দৃঢ়তার অভাব রয়েছে।

শ্রম আইনে অপর্যাপ্ত এবং নামমাত্র ক্ষতিপুরণের বিধান নিরপন কর্মক্ষেত্র নিশ্চিত করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এছাড়া অস্বাস্থ্যকর কর্মস্থল, বিভিন্ন রাসায়নিক দ্রব্য, ধুলাবালি, অত্যধিক শব্দ-তাপে কাজ, কোন সুরক্ষা ছাড়াই উচ্চতায় মাটির গভীরে কাজ করা প্রভৃতি কারণে শ্রমিক আক্রান্ত হচ্ছে জটিল ও দুরারোগ্য ব্যাধিতে।

তিনি বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির পর হাইকোর্ট এর নির্দেশে গঠিত কমিটি ক্ষতিপূরণের পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা করার সুপারিশ করলেও আজও তা বাস্তবায়িত হয়নি। ২০০৬ সালে শ্রম আইনে নিহত শ্রমিকের ক্ষতিপূরণ ১ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।

কিন্তু ১৩ বছর পর ২০১৮ সালের শ্রম আইন সংশোধনীতে নিহত শ্রমিকের ক্ষতিপুরণ ২ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। কর্মস্থলের নিরাপত্তা বিধানে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়নি আজও।

নয় বছর অতিক্রান্ত হলেও রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা ও বিল্ডিং কোড সংক্রান্ত আইন ভঙ্গের মামলা আজও
নিষ্পত্তি হয়নি। আমরা এসব নিষ্পত্তির জন্য জোর দাবি জানাচ্ছি।

পরে শ্রমিক নিরাপত্তা ফোরাম নামের একটি সংগঠন বেশ কিছু দাবি জানান। দাবি গুলো হল- রানা প্লাজা ও তাজরীণসহ সারাদেশের বিভিন্ন কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের আইএলও কনভেনশন ১২১ এবং মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫-এর ভিত্তিতে সারা জীবনের আয়ের ক্ষতির ভিত্তিতে ও

বিভিন্ন দুর্ঘটনায় উচ্চ আদালতের আদেশে প্রদত্ত ক্ষতিপূরণের বিবেচনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ লক্ষ্যে ক্ষতিপূরণের একটি জাতীয় মানদন্ড তৈরী করতে হবে, আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দীর্ঘমেয়াদী চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে, নির্মাণ,

রাসায়নিক, ইঞ্জিনিয়ারিংসহ ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রসমূহ পরিদর্শনে দেশব্যাপি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা বা ঝটিকা পরিদর্শন ব্যবস্থা চালু করতে হবে এবং সবার জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে পরিদর্শন ব্যবস্থাকে জোরদার করতে হবে,

েপেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে বিশেষ ইউনিট ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে এবং সকল শ্রমিককে বীমার আওতায় আনার উদ্যোগ গ্রহণ করতে হবে।

কর্মক্ষেত্রের সকল দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে দুর্ঘটনার বা অন্যান্য সকল কারণ নির্ণয় করতে হবে, তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে, শ্রমিকসহ সকল মানুষের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংক্রান্ত জাতীয় সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, ২০১৩ সালে ২৩ শে এপ্রিল রানা প্লাজা ভবনে ফাটল দেখা দেয়।এখবর শুনে কারখানার সে দিন ছুটি ঘোষণা করে কতৃপক্ষ। তবে পরের দিন কারখানার শ্রমিকরা কাজে যোগদানে না করতে চাইলেও জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে কাজে যোগদানে বাধ্য করা হয়। এরপরে সকালে ৮.৪৫ মিনিটের দিকে হঠাৎ জেনারেটর চালালে বিকর্ট শব্দে ধসে পড়ে রানা প্লাজার নয় তলা ভবন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ