আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

কাজিপুরে অবশেষে ধসে গেলো সেতুটি 

নিজস্ব প্রতিবেদক :

প্রাণপণ চেষ্টা করেও রক্ষা করা গেলো না সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সেই সেতুটি। উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত সেই সেতুটি ধ্বসে গেছে। বন্যার প্রবল স্রোতে সেতুর পাশের সড়কে ধ্বস নামে। পরে সেতুটির গাইড ওয়াল ধ্বসে যায়। সবশেষ সেতুটিই ধ্বসে গিয়ে ভেসে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ওই সেতুটির পাশের সড়কে ধ্বস নামে। তিনদিন যাবৎ ধ্বসে যাওয়া স্থানে বালু ভর্তি বস্তা ও বাঁশের বেড়া দিয়ে সেতুটি রক্ষার ব্যার্থ চেষ্টা করা হচ্ছিল। কিন্তু যমুনার পানি বৃদ্ধির সাথে সাথে ক্রমান্বয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে ওই সেতুটি।

গত বৃহস্পতিবার গভীর রাতে সেতুটির ধ্বস নামা অংশের মুখ খুলে যায়। এতে করে সেতুর ভাঁটিতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার বিকেলে সরেজমিন দেখা গেছে সেতুটির পাশের প্রায় একশ মিটার রাস্তাসহ সেতুর গাইডওয়াল পানিতে ভেসে গেছে। এতে করে ওই এলাকার অন্ততঃ আট গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ধ্বসে যাওয়া স্থান দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করছে ভাঁটিতে। এলজিইডির নির্মিত ওই সেতুটি ধ্বসে যাওয়ায় মনসুরনগর থেকে চরগিরিশ ইউনিয়নে স্থলপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তর কুমারিয়াবাড়ী, দক্ষিণ কুমারিয়া বাড়ী, শালগ্রামসহ আশপাশের আট গ্রামের মানুষের চলাচলে দেখা দিয়েছে দুর্ভোগ।

অপর দিকে ধ্বসে যাওয়া সেতুর ভাঁটিতে অবস্থিত চেয়ারম্যান পাড়ার রসুল শেখের বাড়ির পাশের সেতুটিরও দু’ পাশে দেখা দিয়েছে ধ্বস। সেখানেও গত বৃহস্পতিবার থেকে জিওব্যাগ ও বাঁশের তৈরি বেড়া ব্যবহার করে ধ্বস ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। সেতুর ভাঁটিতে থাকা রসুল শেখ সহ পাঁচ জনের বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ধ্বস ঠেকাতে সার্বিক সগযোগিতা করছেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

বর্তমান দায়িত্বে থাকা কাজীপুর উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া জানান, এখন আর কিছুই করার নেই। পানি শুকিয়ে গেলে সেতুটির ব্যাপারে পরবর্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ