নিজস্ব প্রতিবেদক :
ঢাকার আশুলিয়ায় নিজের অবৈধ অস্ত্র চাচার পরিত্যক্ত গ্যারেজে রেখে র্যাবকে খবর দিয়ে নিজেই ফেঁসে গেল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রবি।
মঙ্গলবার (১৫ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মিরপুর র্যাবের সিনিয়র এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে সোমবার (১৪ জুন) রাত সাড়ে তিনটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রনস্থল গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রবি একই এলাকার আবুল হাসানের ছেলে। তিনি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
রবির চাচা নজরুল ইসলাম কাজী বলেন, রবি ও তার বাহিনি রাত ৯ টা থেকে আমার বাড়ির আশেপাশে আনাগোনা করে। আর আমার বিপদের ইঙ্গিত দেয়। রাত সাড়ে ১২ টার দিকে ১৫ থেকে ১৬ জন সদস্যের র্যাবের একটি দল আমার বাড়িতে আসে। আমার দরজা খোলার জন্য অনেকবার বলেছেন। আমি ভয়ে প্রায় ২০ মিনিট পর দরজা খুলি। আমার অপরাধ জানতে চাইলে র্যাব সদস্যরা বলেন, আমি নাকি বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত। পরে আমি বলি আমি অপরাধী হলে শাস্তি পেতে রাজি আছি। আপনারা তল্লাশি করেন। সব নিখুঁতভাবে তল্লাশি করার পরেও র্যাব আমার ঘর থেকে কিছুই পায়নি। আমার ঘরের সামনে রবি ও জনি বসে ছিল, তারা বলে, স্যার গ্যারেজ তল্লাশি করেন। পরিত্যক্ত গ্যারেজ আমার, ওই গ্যারেজে কয়েকটা অটোরিকশা আছে, ভাড়া দেই না। অনেক দিন ধরে পরে আছে গ্যারেজের দুই পাশে বেড়াও নাই। ওই গ্যারেজে আমার স্ত্রী অনেকগুলো বস্তায় লাকরি ভরে রেখেছিল। পরে তার দুই তিনটা তল্লাশি করে একটার ভিতর থেকে কাপড়ে মোড়ানো পিস্তল বের করেন। তার ভিতরে দুই রাউন্ড গুলিও পায় র্যাব৷
তিনি আরও বলেন, আমার দুই মেয়েকে জমি বিক্রি করে লেখা পড়া করাচ্ছি। বড় মেয়েটা পাইলটের ট্রেনিং এ আছে। সেই মেয়েকে রবি বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি রাজি না হওয়ায় আমাকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে। যে কাপড় দিয়ে পিস্তল পেচানো ছিল সেই কাপড় আমি রবির মায়ের গায়ে দেখেছি। আমাকে ফাঁসাতে রবি অস্ত্র রেখে র্যাবকে খবর দিয়েছিল। পরে র্যাব রবিকেই ধরে নিয়ে যায়।
এ ব্যাপারে র্যাব জানায়, ওই এলাকায় অপরাধ সংগঠনের জন্য ওই এলাকায় কিছু সন্ত্রাসী জড়ো হয়েছে বলে খবর পায় র্যাব। পরে সেখানে অভিযান পরিচালনা করে দেশীয় পিস্তলসহ রবি নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
র্যাব-৪ মীরপুর র্যাবের সিনিয়র এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় রবির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি জনমনে ভীতির সৃষ্টি করে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলো। আটক রবি অস্ত্রধারী হওয়ায় সাধারণ মানুষ তার বিরুদ্ধে কোন কথা বলতে সাহস করত না। কেউ তার বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতিও দেখাতো রবি। অস্ত্র আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করে হবে বলেও জানায় র্যাব-৪ ।