আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ আহত ২০ 

নিজস্ব প্রতিবেদক :

সাভারে হামলা-ভাংচুরসহ দোকানপাটে তালা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় এলাকা থমথমে পরিস্থিতি।
সাভারে ক্রীকেট খেলাকে কেন্দ্র করে বাক-বিতন্ডার ঘটনায় আয়োজক কমিটির অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। এসময় হামলাকারীরা গেরুয়া বাজারের অর্ধশত দোকানপাটে ভাংচুর করে এবং কয়েকটি দোকানে তালা মেরে চাবি নিয়ে যায়। ঘটনার পর থেকে বাজারের সকল দোকানপাট বন্ধ করে নিরাপদ দুরুত্বে রয়েছে ব্যবসায়ীরা।
তবে হামলাকারীরা একবার দোকানপাট বন্ধ করে চলে গেলেও পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে নিয়ে গেরুয়া এলাকায় আসে। এসময় বাতিঘর নামক ক্রিকেট সংগঠনের সদস্য মোঃ নজরুল ইসলামকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসীরা একজোট হয়ে তাদেরকে ব্যাড়িকেড দেয়। এসময় উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয় অন্তত ২০ জন। হামলাকারীরা চারটি মোটরসাইকেলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর করে। এঘটনায় আহতদেরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রাত ৯ টার দিকে আশুলিয়া থানা পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিথ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এখনও দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীদের ধারনা সন্ত্রাসীরা আবারও যে কোন সময় হামলা চালাতে পারে।
সন্ত্রাসী হামলার শিকার নজরুল ইসলাম বলেন, আমাদের গেরুয়া বাজার এলাকায় সম্প্রতি বাতিঘর নামক সংগঠন থেকে ক্রীকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টের খেলায় একটি দলের পক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী খেলতে আসে। সেসময় ক্রীকেট খেলাকে কেন্দ্র করে বাকবিতন্ডার ঘটনায় একদল সন্ত্রাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র বাতিঘর অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরে তারা দুটি বিকাশের দোকানসহ কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, শুক্রবার বিকেলে আমি বাসায় ছিলাম। হঠাৎ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী মুরাদ, এলেক্স, শুভসহ একদল সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদার দাবীতে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাচ্ছিলো। পরে মাইকিং করে এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের কাছ থেকে আমাকে ছাড়িয়ে রাখে। এঘটনার জেরে সন্ধ্যার পর ওই সন্ত্রাসীদের নেতৃত্বে শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দিবেনো বলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। আতঙ্কে সবাই দোকান বন্ধ করে ফেলেন। এরপরও হামলাকারীরা চারটি মোটরসাইকেলসহ অর্ধশতাধিক দোকান ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় এলাকাবাসীরা অভিযুক্ত সন্ত্রাসীদের বিচার দাবি ও দোকান খুলে দেওয়ার আহবান জানিয়েছেন ভুক্তভোগীরা।
এবিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ উল হাসান বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। বিষয়টি সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিকে জানানো হয়েছে।
এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এছাড়া যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ