মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ভুঞাপুরে মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত । আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডাদেশ সংক্রান্ত অধ্যাদেশে রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ধর্ষণ মামলায় দেশে এটাই কোনো মৃত্যুদণ্ডাদেশ দিলেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম নাছিমুল আক্তার বলেন, ২০১২ সালে সাগর শীলের সঙ্গে ভূঞাপুরের মাদ্রাসাছাত্রীর মুঠোফোনে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ২০১২ সালের ১৫ জানুয়ারি সাগর ভূঞাপুর গিয়ে ওই ছাত্রীকে কৌশলে মধুপুরে নিয়ে যান। সেখানে তাকে একটি জায়গায় আটকে রাখা হয়।
২০১২ সালের ১৭ জানুয়ারি রাতে মধুপুরে বংশাই নদীর তীরে নিয়ে পাঁচজন তাকে ধর্ষণ করে ফেলে যায়। পরের দিন সকালে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে। ২০১২ সালের ১৮ জানুয়ারি মেয়েটি বাদী হয়ে পাঁচজনকে আসামি করে ভূঞাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের দিন পুলিশ আসামি সুজনকে গ্রেপ্তার করে। সুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। পরে অন্য আসামিদেরও গ্রেপ্তার করা হয়।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- সাগর চন্দ্র, সুজন মনি রিশি, রাজন, সঞ্জীত এবং গোপী চন্দ্র শীল। এদের মধ্যে সঞ্জীত এবং গোপী চন্দ্র কারাগারে থাকলেও বাকিরা পলাতক।