আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ 

 

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় পারিবারিক বিরোধের জেরে আফাজ উদ্দিন পালোয়ানকে (৭৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ভাতিজাসহ ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ। এর আগে রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকার নুরজাহান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আফাজ উদ্দিন।

অভিযুক্তরা হলেন- আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড তাঁজপুর এলাকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান পালোয়ান, তার ভাই মোহসিন পালোয়ান, যুবলীগ ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, মজিবর রহমানের ছেলে ফেরদৌস, স্ত্রী ফিরোজা বেগম, মোহসিনের স্ত্রী লতা বেগম।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তরা চলাচলের জন্য একটি রাস্তা দাবি করে। পরে মোক্তার পালোয়ান তাদের জমির পাশ দিয়ে একটি রাস্তার ব্যবস্থা করে দেয়। এতেও বিবাদীরা নারাজ হয়। তাদের বাড়ির সামনে দিয়ে আবার রাস্তা দাবি করে। গত শুক্রবার ৯ অক্টোবর রাতে রাস্তা দাবি করলে মোক্তার পালোয়ান দিতে রাজি হয়নি। এ সময় মোক্তার পালোয়ানকে তারই চাচাতো ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা মজিবর রহমান পালোয়ান, যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন পালোয়ান ও মোহসিন পালোয়ান মারধর করে। এ সময় মোক্তার পালোয়ানের বৃদ্ধ বাবা এগিয়ে আসলে তাকেও মারধর করে। মোক্তার পালোয়ানের বাবা আফাজ উদ্দিন গুরুতর আহত হলে তারা সবাই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থার আরও অবনতি হয়। এরপর ঢাকার নুরজাহান মেডিকেলে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে।

নিহতের ছেলে মোক্তার হোসেন বলেন, ‘তারা রাজনৈতিক ক্ষমতার বলে এলাকাবাসীকে জিম্মি করে রেখেছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। কেউ মুখ খুলতে চাইলে ইয়াবা পকেটে দিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয়। আমি এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা রিয়াজ পালোয়ান বলেন, ‘আমি কলহের সময় তাদের থামাতে গিয়েছিলাম। এখন শুনি আমাকেও ফাঁসানো হচ্ছে। আমি ভয়ে জামগড়ায় পালিয়ে আছি।’

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ বলেন, পারিবারিক কলহের জেরে দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। এ সময় আফাজ উদ্দিন আহত হলে চিকিৎসার জন্য হাসপাতালে নিলে ঘটনার দুই দিন পর মারা যান তিনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ