মতিউর রহমানঃ পিরোজপুর প্রতিনিধি:
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী ১৮৯২ সালের এই দিনে বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তিনি ছিলেন বিচারপতি স্যার জাহিদ সোহরাওয়ার্দির কনিষ্ঠ সন্তান।
জাহিদ সোহরাওয়ার্দী কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক ছিলেন। মা ছিলেন নামকরা উর্দু সাহিত্যিক খুজাস্তা আখতার বানু। আখতার বানুর ভ্রাতা স্যার হাসান সোহরাওয়ার্দী ছিলেন তার মাতুল। তার পরিবারের সদস্যবর্গ তৎকালীন ভারতবর্ষের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের প্রথা অনুসারে উর্দু ভাষা ব্যবহার করতেন। কিন্তু সোহরাওয়ার্দি নিজ উদ্যোগে বাংলা ভাষা শিখেন এবং বাংলার চর্চা করেন। কলকাতা আলিয়া মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করার পর যোগ দেন সেইন্ট জ্যাভিয়ার্স কলেজে। সেখান থেকে বিজ্ঞান বিষয়ে তিনি স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর তিনি তার মায়ের অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে আরবি ভাষা এবং সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯১৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি বিজ্ঞান বিষয়ে সম্মানসহ স্নাতক অর্জন করেন। এছাড়া এখানে তিনি আইন বিষয়েও পড়াশোনা করেন এবং বিসিএল ডিগ্রী অর্জন করেন। ১৯১৮ সালে গ্রে’স ইন হতে বার এট ল ডিগ্রী অর্জন করেন। এরপর ১৯২১ সালে কলকাতায় ফিরে এসে আইন পেশায় নিয়োজিত হন। তিনি ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও পরে দেশ বিভাগের পর ১৯৫৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
উল্লেখ্য তিনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ও পথপ্রদর্শক।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী বৈরুতে চিকিৎসা নিতে যাবেন। তখন আতাউর রহমান খান, সালাম খান, জহিরউদ্দিন, আবুল মনসুর আহমেদ, খাজা খয়রাত হোসেন সহ সবাই উপস্থিত ছিলেন।
তাদের মধ্য থেকে একজন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে প্রশ্ন করলেন— স্যার, আমাদের জন্য কি রেখে যাচ্ছেন?
তিনি বললেন— একটি কলম আর একটি মাঠ।
কলমটা হচ্ছে মানিক মিয়া, মাঠটা হচ্ছে শেখ মুজিব।
শুভ জন্মদিন, হে গণতন্ত্রের মানসপুত্র।