খান ইমরান :
মেহেন্দিগঞ্জ, হিজলা এবং মুলাদী উপজেলার একাংশের বাসিন্দারা একটি সেতুর অভাবে বরিশাল সদরে যেতে দুর্ভোগ পোহাচ্ছেন।
যোগাযোগ বিচ্ছিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি শায়েস্তাবাদের আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণ। সেতু নির্মাণ না হওয়ায় জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন জনপদ হিসেবে পরিচিতি পাচ্ছে বিশাল এই এলাকা।
সরেজমিনে দেখা গেছে, বরিশাল সদর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে শায়েস্তাবাদ আড়িয়াল খাঁ নদী। এই নদীর খেয়া পার হয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ বরিশাল শহরে আসছে। তাদের মধ্যে বেশির ভাগ মেহেন্দিগঞ্জ, হিজলা এবং মুলাদী উপজেলার একাংশের বাসিন্দা। এর সঙ্গে শায়েস্তাবাদ ইউনিয়নের বাসিন্দাও রয়েছে। প্রতিদিন এই খেয়াঘাটে এসে তাদের দুর্ভোগে পড়তে হয়।
শায়েস্তাবাদ ইউনিয়নের মো. মোস্তফা জানান, সদর উপজেলার বাসিন্দা হয়েও বিচ্ছিন্ন হয়ে আছি। সন্ধ্যার পর আর কোনোভাবে জেলা সদরে যাওয়া সম্ভব হয় না। একটা ব্রিজ না থাকার কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরে দাবি জানালেও বাস্তবায়নের উদ্যোগ নেই।
মেহেন্দিগঞ্জ উপজেলার মো. মহসিন আলমের সঙ্গে কথা হয় শায়েস্তাবাদ নদীর খেয়াঘাটে। তিনি বলেন, যদি এই নদীতে একটি সেতু হয়, তাহলে আমরা আর দ্বীপ উপজেলার বাসিন্দা হয়ে থাকব না। দিনে ২/৩বার জেলা সদরে আসা যাওয়া করা সম্ভব হবে। সেতু না থাকায় ৪৫ কিলোমিটার ঘুরে গাড়িতে বরিশাল যেতে হয়।
শায়েস্তাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. হানিফ রাঢ়ী বলেন, আড়িয়াল খাঁ নদের কদমতলী এলাকায় শেখ হাসিনা সেতুর কাজ প্রায় ৮০ ভাগ শেষ হয়েছে। কিন্তু ওই সেতু হলেও কোন লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত শায়েস্তাবাদ নদীতে সেতু নির্মাণ না হবে। কদমতলী সেতু থেকে এই খেয়াঘাটের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। আর এখান থেকে বরিশাল সদরের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার।
সাত হাজার বিঘা এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, ওদিক দিয়ে (মীরগঞ্জ) গেলে ৩ থেকে ৪০০ টাকা খরচ হয়। সময়ও বেশি লাগে। আর এদিক শায়েস্তাবাদ খেয়া পার হয়ে গেলে ৬০ থেকে ৭০ টাকায় বরিশাল পৌঁছানো যায়। তাই আমরা এই পথ ব্যবহার করি।
মো. আসাদুজ্জামান রিপন বলেন, রাতে যোগাযোগ বিচ্ছিন্ন জনপদে পরিণত হয় শায়েস্তাবাদের রামকাঠি, চুরামন, পানবাড়িয়া, হায়াৎসার, কদমতলা, ভাসনচর, কাজিরহাট, হিজলা, মেহেন্দিগঞ্জের পুরো এলাকা। রাতে কেউ অসুস্থ হলে বরিশালে নিয়ে আসা সম্ভব হয় না। বিভাগীয় শহরের পাশে থেকেও আমরা বিচ্ছিন্ন জনপদের বাসিন্দা হয়ে গেছি। সাংসদ, মন্ত্রী, এক সময়ের রাষ্ট্রপতি এলাকার থাকার পরও আমরা সেতুর সুবিধা পাচ্ছি না।
মো. আজিজুর রহমান বলেন, ২০১৪ সালে শায়েস্তাবাদ আড়িয়াল খাঁ নদীতে সেতু নির্মাণের দাবিতে ৫ হাজার মানুষের স্বাক্ষরসহ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। সাংসদ পংকজ নাথ এবং তখনকার বরিশালের সাংসদ শওকত হোসেন হিরণের ডিওসহ ওই স্মারকলিপি দেওয়া হয়।
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, শায়েস্তাবাদে একটি সেতু নির্মাণ হলে মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট থানাসহ মুলাদী উপজেলার একাংশের মানুষের বিভাগীয় সদরের সঙ্গে যোগাযোগ সহজ হবে। এর আগেও আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বাস্তবায়ন হয়নি। বরিশাল সদর আসনের সাংসদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সাংসদ পংকজ নাথ বলেন, সড়ক যোগাযোগ সহজ না হওয়ায় মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজিরহাট এলাকার হাজার হাজার শিক্ষার্থী উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য বিভাগীয় ও জেলা সদর বরিশালে আসতে পারছে না। তিন উপজেলায় কয়েক লাখ মানুষের জন্য একটি সেতু সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বরিশালের সঙ্গে ওই তিন উপজেলার যোগাযোগের জন্য কদমতলীতে শেখ হাসিনা সেতুর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এখন শায়েস্তাবাদে একটি সেতু হলে তিন উপজেলার বাসিন্দাদের দুর্ভোগ কমে আসবে। সেভাবেই ডিপিপি তৈরি হচ্ছে। আপাতত শায়েস্তাবাদে একটি ফেরি সার্ভিস চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম বলেন, সদর উপজেলার শায়েস্তাবাদের সেতুর দাবি আগে থাকলেও আমার জানা ছিল না। ওই এলাকা পরিদর্শন করে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।