আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পদ্মা সেতু, বৃহস্পতিবার বসবে সেতুর সর্বশেষ স্প্যান

মোঃ আহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ প্রতিনিধি :

 

স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে পদ্মা সেতু, বহু আকাঙ্ক্ষিত এক যাত্রার অবসান হতে যাচ্ছে বৃহস্পতিবার । বিজয় দিবসের মাসে আরকটি বিজয়ের অপেক্ষায় দেশবাসী, সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার ১০ ডিসেম্বর সেতুর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর  (২-এফ) নামের সবশেষ স্প্যানটি বসানোর পরিকল্পনা রয়েছে । এটি বসানোর পর সবগুলো স্প্যান বসানো সম্পূর্ণ হবে। আর তাতেই দৃশ্যমান হবে ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুরো পদ্মা সেতু। যা মাওয়া থেকে সম্পূর্ণ যুক্ত হবে জাজিরা তথা দক্ষিণবঙ্গের সঙ্গে।

অবশেষে প্রতীক্ষার প্রহর শেষ হতে চললো। পদ্মা সেতুর ৪১তম স্প্যান পিলারে বসানোর উদ্দেশে রওনা দিয়েছে। বুধবার বিকাল সোয়া পাঁচটায় কাঙ্ক্ষিত পিলারের উদ্দেশে এটি রওনা দেয়। পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ খবর নিশ্চিত করেন। বৃহস্পতিবার ১০ ডিসেম্বর কোনও জটিলতা ছাড়াই এই স্প্যানটি বসানো সম্ভব হলে তাদের টানা ৩ বছরের অক্লান্ত শ্রম দেওয়া সার্থক হবে।

তিনি জানান, দুপুর ২ টায় রওনা দেওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যের ধূসর রঙের স্প্যানটি নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই কাঙ্ক্ষিত পিলারের  উদ্দেশে রওনা দেয়। আর তখন উত্তেজনা ও আবেগের চাপা অভিব্যক্তি দেখা গেছে এই জেটিতে কর্মরত প্রকৌশলী ও কর্মীদের চোখে মুখে।

এদিকে, নানামুখী চ্যালেঞ্জ পেরিয়ে সবগুলো স্প্যান বসানো শেষ হতে যাওয়ার মুহূর্তে বিশেষ কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি সেখানে। তবে, চীনা ঠিকাদার কোম্পানি নিজেদের নিয়মে প্রকৌশলী ও কর্মীদের জন্য একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে আলোচনা শোনা যাচ্ছিল।

পদ্মা সেতুর এক প্রকৌশলী নাম প্রকাশ না করার সত্যে বলেন, এখানে অনেক সময় কুয়াশা এত বেশি হয় যে দুই ফুট দূরত্বেই কিছু দেখা যায় না। কুয়াশার কারণে যদি বিঘ্ন না ঘটে তাহলে বৃহস্পতিবার দুপুরের আগে স্প্যান বসানো সম্ভব হবে। পদ্মা সেতুতে এই পর্যন্ত মোট ৪০টি স্প্যান বসানো হয়েছে। বাকি আছে এই সর্বশেষ স্প্যানটি। সেটি বসানোর কার্যক্রম শুরু হয়েছে বুধবার।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে প্রথম স্প্যান বসানো হয়। প্রথম স্প্যান থেকে শুরু করে ৩৯তম স্প্যান বসানো পর্যন্ত মধ্যবর্তী সময় ছিল তিন বছরের ওপর।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর কাঠামো। সেতুর উপরের অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন।

মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার বসবে শেষ স্প্যান ২-এফ। নতুবা পরশু ১১ ডিসেম্বর বসানো হবে স্প্যানটি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ