সাভার প্রতিনিধি :
সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SEIP) এর উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ আগস্ট) সকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসর মোঃশিবলীজ্জামান,ভিজুয়াল

কমিউনিকেশন লিমিটেড এর বিসিসি এক্সপার্ট এ.কে.এম মঞ্জুরুল হক,ওয়ার্কসপ ফ্যাসিলেটর মোঃ জাহাঙ্গীর আলম,আমিন বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রকিব আহমেদ,সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী,
সাভার পৌরসভার ৭,৮,৯ এর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানাসহ অনেকে।
অনুষ্ঠানে প্রশিক্ষণ কর্মশালায় SEIP এর প্রশিক্ষণ সমৃদ্ধি ও উন্নত জীবন গড়ার বিষয়গুলো তুলে ধরে সারাদেশে বিভিন্ন ট্রেডে ভর্তির সুযোগ পেতে যা করনীয় তা নিয়ে বিস্তারিত জানানো হয়।
SEIP এর উল্লেখযোগ্য প্রশিক্ষণের বিষয় ইলেক্ট্রিক্যাল,ইলেকট্রনিকস,ওয়েল্ডিং,ড্রাইভিং,বিউটিফিকেশন,গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন,ফ্রিজ/এসি মেরামত,প্লাম্বিং/মেশন,গার্মেন্টস ও ফুড এন্ড বেভারেজ।
অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ৩১ মে ২০২২ পর্যন্ত ৫ লক্ষ ৬৯ হাজার ৪৬৯ জনকে প্রশিক্ষণ দিয়েছে, তার মধ্যে ৫ লক্ষ ৮০২ জন সফলভাবে প্রশিক্ষণ শেষ করেন, শেষে ৩ লক্ষ ৫৫ হাজার ৪৪ জনকে চাকরি প্রদান করেছে SEIP।
এ সময় তারা বলেন আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৯৪তম। কিন্তু জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম।
বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ বিশাল
কর্মক্ষম জনগোষ্ঠী। বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাল অতিক্রম করছে। বর্তমানে ১৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যা ৬৬ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এ বয়সের জনসংখ্যা ৭০ শতাংশে উন্নীত হবে এবং পরবর্তীতে তা ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে।
এ সুযোগ জাতীয় জীবনে বারবার আসে না। তাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সদ্ব্যবহারে উপযুক্ত পরিকল্পনা প্রণয়ন করা জরুরি। বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত এক যুগ ধরে দেশের অর্থনীতি ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে।
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও সম্পদশালী দেশে রূপান্তরের যে লক্ষ্য বর্তমান সরকার নির্ধারণ করেছে তা অর্জন করতে হলে আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে আরো বেগবান করতে হবে।
অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা ত্বরান্বিত করতে দেশের বিপুলসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠীকে জনসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
দেশের কর্মক্ষম জনসংখ্যাকে দক্ষ জনশক্তি রূপান্তরিত করতে না পারলে আমাদের কাঙ্কিত অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে,গড়ে অন্তত ২০ লাখ মানুষ দেশের শ্রমবাজারে প্রবেশ করছে।
এর গুরুত্ব বিবেচনায় নিয়ে সরকার নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে।২০৩০ সালের মধ্যে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ এগিয়ে চলছে।
এসব অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১ কোটি মানুয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই বিদেশে ভালো কাজ ও উন্নত বেতনের জন্য অবশ্যই দক্ষকর্মী পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সফলভাবে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ মানসম্পদে রূপান্তরের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, টেকসই উন্নয়ন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে স্থান করে দেয়ার অংশ হিসেবে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কাজ করছে।
বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। বিশাল এই জনগোষ্ঠীকে অর্থনৈতিক মূলধারার বাইরে রেখে দেশের সার্বিক অগ্রগতি অর্জন কখনই সম্ভব না।
বিষয়টিকে বিবেচনায় নিয়ে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করার জন্য প্রশিক্ষণ কার্যক্রমে নারীদের অগ্রাধিকার প্রদান করা হচ্ছে এবং কমপক্ষে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।
এছাড়াও, সুবিধাবঞ্চিত মানুষ যেমন: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, চর ও হাওরসহ দুর্গম এলাকার অধিবাসীসহ অনগ্রসর জনগোষ্ঠীকে (বেদে, সাপুরে, হিজরা, জেলে, মুচি, সুইপার) প্রশিক্ষণে অগ্রাধিকার দেয়া হচ্ছে।
প্রশিক্ষণ চলাকালে এসব জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ভাতার পাশাপাশি কমপক্ষে এক লক্ষ জনকে বিশেষ বৃত্তি দেওয়া হচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের চাকুরি পেতে সহযোগিতা প্রদান করা হচ্ছে।