শুভ জামান শান্ত, রাজশাহী ব্যুরো :
টাকার অভাবে মেডিকেলে চান্স পেয়েও ভর্তি হতে পারছেনা অন্তরা। এই সংবাদটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে র্যাব-৫, এর দৃষ্টি গোচর হয়। এরপর গোপনে শুরু হয় ঠিকানা সংগ্রহের কাজ।
অনেক খোঁজাখুজির পর র্যাব জানতে পারেন, মেয়ে মোছাঃ অন্তরা খাতুন (২০), রাজশাহীর বাঘা থানার বাজুবাঘা ইউনিয়নের চন্ডীপুর গ্রামের হত-দরিদ্র পরিবারের মেয়ে। প্রায় দেড় যুগ আগে ক্যান্সারের কাছে হেরে যায় অন্তরার বাবা আলাউদ্দিন ।
পরবর্তীতে তার মা রওশন আরা বেগম অন্যের বাড়ীতে ঝিয়ের কাজ শুরু করেন। অর্থনৈতিক সমস্যার জন্য বড় ছেলে সোহেল রানা পড়াশোনা করাতে পারেন নি রওশন আরা বেগম।
কিন্তু শত কষ্টেও অন্তরা কে পাঠিয়েছেন বিদ্যালয়ে। মায়ের সঙ্গে সংসারের হাল ধরেন অন্তরার বড় ভাই সোহেল রানা। তিনি দিনমজুরের কাজ করেন।
মা ছেলের করা কষ্ঠ এখন সার্থক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয় অন্তরা। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু অর্থিক অনটনের কারণে মেডিকেলে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
বিষয়টি অধিনায়ক, র্যাব-৫ এর দৃষ্টি গোচর হয়। এরই প্রেক্ষিতে ১০ এপ্রিল ২০২২ তারিখ র্যাব-৫ এর অধিনায়কের পক্ষ হতে ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান চন্ডীপুর গ্রামে অন্তরার বাড়িতে হাজির হয়ে তার হাতে ভর্তির যাবতীয় খরচ প্রদান করেন।
মেডিকেলে চান্স পাওয়া অন্তরা বলেন, আর্থিক অনটনের মধ্যেও নিজের ইচ্ছাশক্তি আর সবার দোয়ায় এ পর্যায়ে পোঁছাতে পেরেছি। কিন্তু আমার পরিবারের পক্ষে মেডিকেলে ভর্তির টাকা জোগাড় করা কষ্টকর হচ্ছিল।
বিষয়টি জানার পর র্যাব-৫, রাজশাহী আমাকে ভর্তির টাকা দিয়ে সহযোগিতা করায় আমি অত্যন্ত খুশি এবং কৃতজ্ঞ।
উল্লেখ্য, অসহায় ও দুস্থদের পাশে থেকে আর্থিক ও বিভিন্ন ধরনের সহযোগিতা করে জনসেবা মূলক কার্যক্রমেও বিশেষ ভূমিকা রেখে আসছে এই এলিট বাহিনী।