খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আগামীকাল শুক্রবার। আজ থেকে দুই হাজার বছর আগে এই শুভ দিনেই ধরণীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারিমাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর। দিনটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে আনন্দের। খ্রিস্ট ধর্মালম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটে। বড় দিনকে ঘিরে মুন্সীগঞ্জ জেলার এক মাত্র খ্রীষ্টান পল্লী সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের শুলপুর গীর্জাসহ আশপাশের এলাকায় সাজসজ্জা করা হয়েছে , তবে করোনার আতঙ্কে জনজীবন বেহাল। তাই এবার বড় দিন জেলার খ্রীষ্টান সম্প্রদায়ের মাঝে উচ্ছাসের কিছুটা ভাটা পড়েছে। আনন্দ কিছুট ভাটা পড়লেও অতিথিদের নিমন্ত্রন করা হচ্ছে মোবাইলের ম্যাসেজে, কার্ড আর পোষ্ট কার্ডে। অতিথি আপ্যায়নে কোন রকমের ক্রুটি না রাখতে রাখা হচ্ছে রকমারী সব পিঠাপুলির আয়োজন। বাড়ির সামনে সাজানো হচ্ছে ক্রিষ্টমাস ট্রি। অপেক্ষার দিনক্ষণ শেষ হতে বেশি সময় দেরি না হলেও জেলার একমাত্র খ্রীষ্টান পল্লীর পরিবারগুলো এখন মহাব্যস্ত।
জেলার সিরাজদিখান উপজেলার শুলপুর ‘ সাধু যোশেফ গির্জায় ’ সাজানো হচ্ছে দৃষ্টিনন্দন ঝলমলে আলোক সজ্জায় । গির্জার অভ্যন্তরের দৃষ্টিনন্দন ভাবে ডিসপ্লে করা হয়েছে কুড়ে ঘরের অভ্যান্তরে মাদার মেরীর কোলে যীশু খ্রীষ্টের প্রতিচ্ছবি। প্রার্থনা করতে আগত পূণ্যার্থীদের আগমন নিরবিচ্ছিন্ন করতে তৈরি করা হচ্ছে বিশেষ ভলান্টিয়ার টিম। সব মিলিয়ে উৎসরে আমেজ চলছে জেলার একমাত্র খ্রীষ্টান পল্লীর শুলপুর গ্রামের ৩৮৫ টি পরিবারে মাঝে। ২৫ ডিসেম্বর শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে প্রার্থনা মধ্য দিয়ে শুরু হবে খ্রীষ্টান সম্প্রায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন ।
‘সাধু যোশেফ গির্জায়’ ফাদার লিন্টু ফ্রান্সিস ডি কস্টা বলেন, প্রতি বছর খুব সুন্দর আয়োজন করে আমরা বড় দিন পালন করতাম । এ বছর কোভিট-১৯ এর কারনে আনন্দ কিছুট ব্যহত হলেও ইশ্বরের কাছে এ বছর বড় দিনে আমাদের প্রার্থনা থাকবে আমরা যেন কোভিট-১৯ থেকে মুক্তি পাই এবং দেশে যেন শান্তি বিরাজ করে ।
এ দিনটিকে কেন্দ্র করে খ্রীষ্টান ধর্মালম্বীদের আয়োজন হয় অনেক বিয়ের। যে কারনে এই দিনকে কেন্দ্র করে সকল আত্মীয় স্বজনের উপস্থিতিও থাকে অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশী। তবে কোভিট ১৯ এর কারেন এ বছর বিয়ের আয়োজন নেই বললেই চলে । নির্বিঘ্নে ধর্মীয় এ উৎসব পালনের জন্য নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা।