মোঃ এখলাস শেখ :
মুই অসহায়, মোর কিছু নাই, ভিক্ষা কইরা খাই, একখান ঘর চাই’-কথাগুলো বলতে বলতে অঝোর ধারায় কেঁদে চলেছেন পঞ্চাশোর্ধ সাহিদা। ৬/৭ বছর আগে খরস্রোতা পানগুছি নদী তার ঘরবাড়ি সহ সবকিছু কেড়ে নেয়।
তারপর থেকে এ পর্যন্ত নদী তীরবর্তী বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে কুঁড়ে তুলে থাকছেন সাহিদা । এতো বছরেও তার স্থায়ী কোন জায়গা হয়নি। নদীতে ঘরবাড়ি বিলীন হওয়ার পর থেকেই স্বামী ইউসুফ হাওলাদার নিরুদ্দেশ।
সাহিদা বেগম পায়নি কোন ভাতাও। ২ মেয়ে ঝর্ণা ও মনিকে ( ছদ্মনাম) বিয়েও দিয়েছিলেন। ছোট মেয়েকে রেখে স্বামী চলে গেছে। তাকেও টানতে হয় সাহিদা বেগমকে।
বড় ছেলে স্বপন বিয়ে করে নিজেই টানাটানিতে। ছোট ছেলে রিপনকে চতুর্থ অবধি পড়িয়েছিলেন। তারপর আর হয় নাই। বয়স তের’র কোঠায় রিপনের। সাহিদার ভিক্ষাবৃত্তির অর্থেই অনাহারে-অর্ধাহারে কাটছে তাদের দিন।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের শ্রেণিখালী গ্রামের সাহিদা বেগমের বর্তমান সময়টা সীমাহীন দুঃখ-কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে।
অস্থায়ীভাবে রাস্তার পাশে থাকার জন্য দয়া করে একটুখানি জায়গা দিয়েছেন এলাকার হাফেজ মোজাম্মেল হোসেন। সেখানেই একচালার একটি খুপড়ি করে থাকেন সাহিদা আর তার হতভাগ্য সন্তানরা।
সেদিনের বৃষ্টিতে ভিজে যায় সব। ভিজা কাঁথা নিংড়িয়ে আবার গায়ে দিতে হয় তাকে। সারা শীতে দূর থেকে একটিমাত্র কম্বল যোগাড় করেছিল বলে জানায় সাহিদা। টয়লেট ঘর থেকে ৩০ গজ দূরে নদীর পাড়ে। সেখানেই রোদ-বৃষ্টি-ঝড় মাথায় নিয়ে প্রকৃতির ডাক সেরে আসতে হয় তাদের।
সাহিদা বেগম বলেন, ‘সরকার কত কিছু দেয় হুনি, মোরা তো কিছুই পাইনা।’
তিনি আরো বলেন, ‘মোর কিছুই নাই। রাস্তার পাশে ঘরটা কইরা আছি। খাইয়্যা না খাইয়্যা দিন যায়। কেউ কোন খোঁজ-খবর নেয় না।
কি করব, মুই বড় অসহায়। হুনতেছি মানুষ ঘর পায়, জমি পায়, সরকার দেয়, আরো কত কি? কই আমিতো কিছুই পাইনা। মেম্বার-চেয়ারম্যানের কাছে গেছিলাম কিন্তু কোন লাভ হয় নাই। তাই সরকারের কাছে আমার চাওয়া আমাকে যেন একটা থাকার ব্যবস্থা কইরা দেয়।’
শুনছি শেখ হাসিনা ঘোষণা দিছে যে, দেশে কেউ ঘরহীন থাকবে না। তাই সরকার যদি আমার মতো অসহায়কে আর্থিক সহায়তা ও জমিসহ একখান ঘর দিতো তাইলে বাঁটতে পারতাম। প্রধানমন্ত্রীর কাছে এই আমার দাবি।’