মুকুল বোস বোয়ালমারী প্রতিনিধি :
প্রকৃতির পালাবদলে এখন প্রভাতে শিশির ভেজা ঘাস আর সামান্য কুয়াশার আবরণ। সকালে কুয়াশার চাদরে মোড়ানো থাকে চারিদিক। শীত আসলেই প্রকৃতি যেন এক নতুন রুপে সাজে। তারপর দেখা মেলে মিষ্টি রোদের।
এ যেন অদ্ভুত এক সৌন্দর্য্যের মিলনমেলা। প্রতি বছর হেমন্তেই শুরু হয় গাছিদের মহাব্যস্ততা। শীতকালজুড়েই তাদের এই ব্যস্ততা লক্ষ্য করা যায়। গ্রামীণ জনপদে খেজুর গাছ ও গাছিদের নিবিড় সম্পর্ক চোখে পড়ে।
অত্যন্ত যত্নের সঙ্গে ঐতিহ্যের খেজুর গাছ কেটে গাছিরা রস আহরণ করেন। এ খেজুরের রস আহরণের মধ্য দিয়েই এ গ্রামীণ জনপদে বাড়তে থাকে শীতের আমেজ।
শীত যত বাড়বে, খেজুর রসের মিষ্টিও তত বাড়বে। শীতের সবচেয়ে বড় আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস, সন্ধ্যা রস ও সুস্বাদু গুড়-পাটালি। শীতে বাড়িতে বাড়িতে খেজুরের রস জ্বালিয়ে পিঠা-পায়েসসহ নাম না জানা হরেক রকমের মুখরোচক খাবার তৈরির ধুম পড়ে।
সুস্বাদু পিঠা ও পায়েস তৈরিতে আবহমান কাল ধরেই গ্রামবাংলার প্রধান উপকরণ খেজুরের গুড়। খেজুরের রস বিক্রি ও গুড় তৈরির কাজও এ এলাকার অনেক কৃষকের প্রধান শীতকালীন পেশা। শুধু খেজুরের রসই নয় বরং এর থেকে তৈরি হয় সুস্বাদু পাটালি গুড়।
উপজেলার ময়না গ্রামের বাসিন্দা মফি শেখ বলেন, প্রথমে খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য বিশেষ পদ্ধতিতে গাছের আগা কাটা হয়। বোয়ালমারীতে আগের তুলনায় খেজুর গাছ অনেক কম।
তবে এখানে গুড়ের চাহিদা আছে, নিজ উপজেলায় চাহিদা মিটিয়ে বিভিন্ন হাট বাজারসহ দেশের বিভিন্ন এলাকা সরবরাহ করতে সক্ষম হচ্ছে। এই খেজুরের রস ও গুড়ের চাহিদার কথা মাথার রেখে সকলকে খেজুর গাছ না কাটার পরামর্শ দেন তিনি।