অনলাইন ডেস্ক :
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে নির্বাচনের আগের দিন সরে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলীম উদ্দিন। অভিযোগ উঠেছে, বিএনপির স্বতন্ত্র প্রার্থী শাহ মো. আবদুর রশীদকে সমর্থন দিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী।
গতকাল শনিবার রাতে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আলীম উদ্দিন। ফলে আজ রোববার এই ইউনিয়নের কোনো কেন্দ্রেই নৌকা প্রতীকের এজেন্ট দেখা যায়নি। আলীম উদ্দিন নিজেও মাঠে অনুপস্থিত ছিলেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
অভিযোগ উঠেছে, নৌকার প্রার্থী আলীম উদ্দিন মাঠ থেকে সরে দাঁড়ানোর পর তার সমর্থকদের অটোরিকশা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রশীদকে ভোট দেওয়ার নির্দেশ দিয়েছেন। রশীদ নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি।
এ বিষয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বদরুল আলম বলেন, ভোটে নিশ্চিত পরাজয় জেনে নৌকার প্রার্থী মাঠ ছেড়েছেন। তার কর্মী-সমর্থকদের বিএনপির প্রার্থীকে ভোট দিতে বলেছেন।
তবে নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলীম উদ্দিনের দাবি, দলীয় নেতাকর্মীদের অসহযোগিতাসহ নানা প্রতিবন্ধকতার কারণে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে কেন্দ্রে নৌকার এজেন্ট ছিল না। তবে অন্য প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা সত্যি নয়।
এ প্রসঙ্গে বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক বলেন, ‘এ ব্যাপারে আমাকে কিছু জানানো হয়নি। তবে শনিবার বিকেল থেকেই এরকম কথা শুনেছি।’
তৃতীয় দফায় বগুড়া সদর, শাজাহানপুর ও ধুনট উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলে। তিন উপজেলার ২৬০ ভোটকেন্দ্রের মধ্যে ১৪২টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হলেও দুপুর ১২টা পর্যন্ত বিছিন্ন দু-একটি ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে মাঝিড়া উচ্চ বিদ্যালয় ও মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কক্ষের ভেতরেই নৌকার পক্ষে ভোট কেনা এবং ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে। বেলা ১১টায় এই ইউনিয়নে নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস অভিযোগ পেয়ে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে নৌকার এজেন্টদের কাছ থেকে ১৫টি মুঠোফোন এবং ২০ ও ৫০০ টাকার দুটি বান্ডিল জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রের ভেতরে কোনো প্রার্থীর এজেন্টের কাছে মুঠোফোন এবং টাকা রাখা নির্বাচনী আইন লঙ্ঘন। এ কারণে মুঠোফোন ও টাকা জব্দ করে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বগুড়া সদর উপজেলায় শাখারিয়াতে দুটি দেশীয় অস্ত্র (চাপাতি) ও একটি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। আজ দুপুর ১ টায় নির্বাচন চলাকালীন পাঁচবাড়িয়া ইসলাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, নাশকতার জন্য হয়তো দুর্বৃত্তরা সেগুলো মজুদ করেছিল।