আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

পুলিশবক্সে ডেকে পোশাকশ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ 

সাভার প্রতিনিধি :

ঢাকার  আশুলিয়ায় পোশাক শ্রমিককে ট্রাফিক বক্সের ভিতরে নিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী পোশাকশ্রমিক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে অভিযোগের বিষয়টি জানিয়েছেন ভুক্তভোগী পোশাক শ্রমিক মো ছালেক মিয়া। গত শনিবার ২৫ ফেব্রুয়ারী এই অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পোশাক শ্রমিকের নাম মো ছালেক মিয়া। তিনি রংপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি আশুলিয়ার বাইপাইলের বুড়ির বাজার এলাকায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করেন।

অভিযোগ সূত্রে জানা জানা যায়, গত বৃহস্পতিবার ভুক্তভোগী পোশাক শ্রমিকের পরিচিত শফিকুল ইসলামের অটোরিকশা বাইপাইলে আটক করে জরিমানা বাবদ ২ হাজার টাকা দাবি করে ট্রাফিক পুলিশ। শফিকুলের কাছে টাকা না থাকায় পরিচিত ভুক্তভোগী পোশাক শ্রমিক ছালেককে খবর দেয় শফিকুল।

পরে টাকা সংগ্রহ করে ছালেক তার বন্ধু আব্দুল জলিলকে সাথে নিয়ে ট্রাফিক পুলিশ বক্সে যান।

সেখানে ট্রাফিক কর্মকর্তা খসরু পারভেজের কাছে জরিমানা মওকুফ করার জন্য অনুরোধ করেন তারা। জরিমানা মওকুফে রাজি না হলে
আব্দুল জলিল টিআই খসরুর হাতে ২ হাজার টাকা দিলে ক্ষেপে উঠেন তিনি। বলেন, বক্সে সিসি ক্যামেরা লাগানো আছে।

কেন ক্যামেরার সামনে টাকা দেয়া হল? পরে জলিল ও ছালেককে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘার ধাক্কা দিয়ে বক্স থেকে বের করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পরেই পোশাক শ্রমিক ছালেককে বক্সে ডেকে নেন খসরু পারভেজ।

ডেকে নিয়ে পোশাক শ্রমিক ছালেককে ইচ্ছামত চড়, ঘুষি কিল, থাপ্পড়সহ বেধরক মারধর করেন। পরে ছালেককে গ্রেপ্তারের ভয় দেখান তিনি। এঘটনায় পোশাক কারখানায় আইডি কার্ড দেখালে পরবর্তীতে ছালেককে ছেড়ে দেন ট্রাফিক পুলিশ খসরু।

এঘটনায় ছালেকের বন্ধু আব্দুল জলিল বলেন, সিসি ক্যামেরার সামনে সরকারি ফাইন পরিশোধ করলে দোষের কি এটা বুঝতে পারলাম না। এতটুকু অপরাধেই আমাদের সাথে যা-তা আচরণ করেছেন তিনি।

মারধরের শিকার ছালেক বলেন, শফিকুলের রিকশা জন্য পরে ঠিকই টাকা দিতে হয়েছে। ২ হাজার টাকা দেয়ার পর রিকশা ছেড়ে দিয়েছে। কিন্তু এই টাকার কোন রশিদ দেওয়া হয়নি।

যদি সরকারি জরিমানাই হত তাহলে সিসি ক্যামেরার সামনে টাকা নিতে কি দোষ হয়েছে প্রশ্ন রাখলাম সমাজের মানুষের কাছে। একজন পুলিশ কর্মকর্তা হয়ে আমাকে পরে কোন দিন দেখলে মেরে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকিও দিয়েছেন।

রিক্সাচালক শফিকুলের বলেন, গত বৃহস্পতিবার এক রোগীকে হাসপাতালে নামিয়ে ফেরার পথে আমার রিক্সাটি আটক করে পুলিশ বক্সের ট্রাফিক পুলিশ। পরে আমি আব্দুল জলিল ও ছালেক ভাইকে জানাই।

তারা আসলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। টিআই খসরু সাহেবের মুখের ভাষা অনেক খারাপ। তিনি গালিগালাজ করেন। টাকা নিয়ে ঝামেলা হওয়ার পর আমাকে আর সেখানে থাকতে দেয়নি। আমার কাছ থেকে জরিমানার কথা বলে টাকা রেখেছে পুলিশ কিন্তু কোন রশিদ দেয়নি।

অভিযুক্ত টিআই খসরু পারভেজ বলেন, কাজ করলে অভিযোগ থাকবেই। কাজ না করলে অভিযোগ থাকে না। এব্যাপারে আমার কোন মাথা ব্যাথা নাই

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো: আব্দুল্লাহিল কাফি বলেন, রশিদ ছাড়া টাকা আদায়ের প্রশ্নই ওঠে না। এমনটি হয়ে থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। মারধরের ব্যাপারে তিনি বলেন, এ ধরনের অভিযোগের তদন্ত করলে দেখা যায় সত্যতা পাওয়া যায় না।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৩০ জুন পুলিশি হয়রানির হাত থেকে নিজের অটোরিক্সা বাঁচাতে শামীম সিকদার (৩৫) নামের এক রিকশাচালক নিজের শরীরে আগুন ধরিয়ে দেয়। এঘটনায় তার শরীরের ২৫ শতাংশ পুড়ে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ