নিজস্ব প্রতিবেদক :
নয় বছর পালিয়ে থাকার পর ঢাকার ধামরাইয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হত্যাকান্ডের ঘটনায় ফাঁসির দন্ডে দন্ডিত আসামি আব্দুর রশিদ (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় মামলার অন্যান্য আসামিরা জেলহাজতে রয়েছেন।
বুধবার (২৬ মে) ভোরে তাকে ধামরাইয়ের চৌহাট থেকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার।
গ্রেফতার আব্দুর রশিদ ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের মৃত আবদুল হামিদের ছেলে। তিনি হত্যাকান্ডের পর ২০১২ সাল থেকে পলাতক রয়েছেন। তবে তাকে ফাঁসির দন্ডাদেশ দেওয়া হয় ২০১৪ সালে।
পুলিশ জানায়, ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় ২০১২ সালের ৬ মার্চ সাবেক সেনা সদস্য নাজমুল ইসলাম পান্নু হত্যাকান্ডের শিকার হয়। এঘটনায় নিহতের স্ত্রী হাসু বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে তদন্ত শেষে ১৫ জনের নামে অভিযোগপত্র দেয় ধামরাই থানা পুলিশ। পরে ২০১৪ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ আদালত আব্দুর রশিদকে ফাঁসি ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোকছেদ, বিপ্লব, আসাদ, রাজন, মনির ও গ্রামপুলিশ সিদ্দিকুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ ঘটনায় আব্দুর রশিদ, রাজন ও বিপ্লব পলাতক থাকলে তাদের মধ্যে ফাঁসির আসামি রশিদকে গ্রেফতার করা হয়। বাকি দুই জন এখনও পলাতক রয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, মামলায় ফাঁসির ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশের আসামিসহ মোট তিন জন পলাতক ছিলো। তাদের মধ্যে ফাঁসির আসামিকে গ্রেফতার করে আজ আদালতে পাঠানো হয়েছে। এই মামলার অন্যান্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।