আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ট্রাক ও নৌকায় ঢাকায় ছুটছে উত্তরাঞ্চলের  মানুষ

নিজস্ব প্রতিবেদক :

গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্পকারখানা রবিবার থেকে খোলার সরকারি সিদ্ধান্তে ঈদে বাড়ি আসা হাজার হাজার কর্মজীবী মানুষ স্বাস্থবিধি অমান্য করে কঠোর এ লকডাউনের মধ্যেই শনিবার ভোর থেকে ট্রাক অথবা নৌকা যোগে ঢাকা,নারায়ণগঞ্জ,মুন্সিগঞ্জ,ফতুল্লা ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ফিরতে শুরু করেছে। ফলে এদিন ভোর থেকেই মহাসড়ক,আঞ্চলিক সড়ক ও নৌপথে হাজার হাজার মানুষের ঢল নামে। গণপরিবহণ বন্ধ থাকায় ট্রাক, কাভার্ডভ্যানসহ যে যেভাবে পেরেছে ঢাকা অভিমুখী ছুটেছে। এই যাত্রাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের মহাসড়কের হাটিকুমরুল,পাঁচলিয়া,নলকা,কড্ডার মোড়,মুলিবাড়ি ও সয়দাবাদ থেকে বৃষ্টি উপেক্ষা করে কর্মজীবি মানুষকে ৪০০ থেকে ৮০০টাকা ভাড়ায় পণ্যবাহী ট্রাক,কভার্ডভ্যানসহ বিভিন্ন পরিবহণে গাদাগাদি করে ঢাকার উদ্দেশ্যে যেতে দেখা যায়। অপরদিকে আর্থিক সংকট বা স্বল্প আয়ের যমুনার চরের হতদরিদ্র মানুষ ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তারা এ দিন খুব ভোরে চৌহালি উপজেলার এনায়েতপুর,শাহজাদপুর উপজেলার মনাকষা,কৈজুরি,জগতলা ও জামিরতা ঘাট থেকে ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় করে চৌহালি উপজেলার জোতপাড়া ঘাটে যায়। এরপর ১ কিলোমিটার পায়ে হেটে ট্রাক,নছিমন করিমন,পিকাপভ্যান,সিএনজি টেম্পু যোগে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কালামপুর হয়ে ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের বরাঙ্গাইলের ভিতর দিয়ে ঢাকা যাচ্ছে।
এ বিষয়ে হাটিকুমরুল গোলচত্বরে ঢাকাগামী গার্মেন্টসকর্মী রায়হান শেখ জানান, কোরবানির ঈদ করতে বাড়ি এসেছিলাম। রবিবার থেকে গার্মেন্টস চালুর সিদ্ধান্ত হয়েছে। বাস চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় ট্রাকে করে ঢাকার কর্মস্থলে যাচ্ছি। উল্লাপাড়া উপজেলার মহোনপুর গ্রামের ইয়াসমিন নাহার জ্যোতি জানান,নারায়গণগঞ্জের একটি পোশাক কারখানায় তিনি চাকরি করেন। গার্মেন্টস খুলছে জেনে বাধ্য হয়ে যেতে হচ্ছে। না গেলে তো চাকরি থাকবে না। রুটি-রুজি বন্ধ হয়ে যাবে। সোহেল রানা নামের আরেক পোশাক শ্রমিক বলেন, সরকার এ কেমন লকডাউন দিয়েছে, সবই তো খোলা। আবার গার্মেন্টসও খুলে দিচ্ছে। এখন তো কর্মস্থলে যেতে হবে। অফিস থেকে বারবার কল দিচ্ছে। ২৫০ টাকার ভাড়া ৮০০ টাকা দিয়ে বৃষ্টিতে ভিজে ট্রাকে করে ঢাকায় যাচ্ছি। অপরদিকে শাহজাদপুর উপজেলার সোনাতনী গ্রামের মশিউর রহমান ও নওশাদ আলী জানান,তারা গাজীপুরের পোশাক কারখানার শ্রমিক। সময় মত কর্মস্থলে না গেছে ছাটাই কওে দিবে। তাই বাধ্য হয়ে নৌকায় করে অনেক ঘুরে ও কষ্ট করে কর্মস্থলে যাচ্ছি।
এ বিষয়ে চৌহালির ইমরান ও আপন জানান,ভোর থেকে যমুনার পশ্চিমপাড়ের কর্মজীবি মানুষ নৌকায় করে জোতপাড়া এসে ১ কিলোমিটার পায়ে হেটে তারপর বিভিন্ন পরিবহণে করে ঢাকা,নারায়ণগঞ্জ,মুন্সিগঞ্জ,ফতুল্লা ও গাজীপুরের দিকে ছুটছে। এ জন্য চৌহালি-নাগরপুর সড়কে তীব্রযানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় জামে আটকা পড়া মানুষের চরম দূর্ভোগ পোহাতে হয়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, পণ্যবাহী ট্রাকে যাত্রী বহণ করায় বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশ এ বিষয়ে কঠোর তৎপর রয়েছে।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন বলেন, কলকারখানা খোলার সিদ্ধান্ত হওয়ায় নিজেদের বাঁচাতেই মানুষ ঢাকায় ছুটছে। পুলিশের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি সতর্কতা ও স্বাস্থ্যবিধির বিষয়গুলোও নজর দেয়া হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ