নিজস্ব প্রতিবেদক :
জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ট্রাক আটকের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ট্রাক শ্রমিকরা। শুক্রবার বিকালে ছনকান্দা বন-বিভাগের সামনে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার রুনা।এ সময় ম্যাজিস্ট্রেটের ড্রাইভার বাবু ট্রাক ড্রাইভারদের পকেট থেকে অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ করেন ট্রাক ড্রাইভাররা।
পরিবহন শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ছনকান্দা এলাকার বন বিভাগের সামনে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ও অবৈধ বালু পরিবহনের দায়ে ৪টি ট্রাক আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার রুনা। এ সময় ওই ট্রাকের ড্রাইভার তহু, পাপ্পু, আল আমিন ও রাজু নামে ৪জন ড্রাইভারকেও আটক কর হয়। পরে ট্রাক শ্রমিকদের আন্দোলনের মুখে ভ্রাম্যমান আদালত তাদের ক্ষমা করে ছেড়ে দেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ড্রাইভার বাবু ট্রাক ড্রাইভারদের কাছ থেকে ট্রাকের চাবি ও মানিব্যাগ নেয়। পরে ট্রাক ড্রাইভারদের চাবি ও মানিব্যাগ ফেরত দেয়। কিন্তু মানিব্যাগে থাকা অর্থ ফেরত না দিয়ে খালি মানিব্যাগ ফেরত দেন বলে অভিযোগ করেন ট্রাক শ্রমিকরা।
এ ঘটনায় ট্রাক শ্রমিকরা পৌর শহরের ফেরি ঘাট এলাকায় ঘন্টা ব্যাপি সড়ক অবরোধ করেন। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনাস্থলে ট্রাক শ্রমিক নেতাদের সাথে কথা বলেন এবং অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। পরে শ্রমিকরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ট্রাক মালিক রাজিব জানান, ভ্রাম্যমান আদালত ট্রাক আটক করেছে শুনে আমি ঘটনাস্থলে এসে দেখি ট্রাক ও ট্রাকের ড্রাইভারকে আটক করেছে। এ সময় ড্রাইভারের কাছে থাকা টাকা নিয়েছে। আমরা কঠোর পরিশ্রম করে গাঁয়ের ঘাম ঝড়িয়ে টাকা উপার্জন করি। আমাদের সাথে প্রশাসনের এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানায়।
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান জানান, বালু উত্তোলন অবৈধ হলে প্রশাসন বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ট্রাক শ্রমিকরা তো অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত না। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে ট্রাক শ্রমিকদের বিরুদ্ধে না। প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে আজ অবরোধ প্রত্যাহার করে নিলাম পরবর্তীতে এমন ঘটনা ঘটলে কঠোরভাবে দমন করা হবে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, বালু ভর্তি ট্রাক ভ্রাম্যমান আদালত প্রেক্ষিতে আটক করা হলে শ্রমিকদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ক্ষমা করে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, প্রশাসনের সাথে শ্রমিকদের ভুল বুঝাবুঝি হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।