মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর প্রতিনিধি :
ন্যায্য মূল্যে তরমুজ খেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে আমজনতা। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটে তরমুজ খাওয়া এক ধরনের বিলাসিতা হয়ে গেছে।
গ্রীষ্মের প্রচন্ড তাপদাহ এরই মধ্যে দিয়ে চলতি রমজান মাস। ফলের বাজারে গেলে প্রথমেই চোখে পড়ে লোভনীয় ও সুস্বাদু লাল টকটকে তরমুজ। তীব্র গরমে সারা দিন রোজা রাখার পর সন্ধ্যার ইফতারিতে সুস্বাদু তরমুজ খাওয়ার ইচ্ছেটা সকল শ্রেণীর লোকেরই হয়। তাই বর্তমান বাজারে তরমুজের চাহিদাও ব্যাপক। সাধ্য অনুযায়ী একটি তরমুজ কেনার আগ্রহ নিয়ে সকলে বাজারে এসে ভিড় জমাচ্ছেন। তবে অসাধু ব্যবসায়ী আর সিন্ডিকেটের কারণে সেই তরমুজ কেনার সাধ্যটা সকলের হয়ে উঠছে না। ঠিক এমনি এক চিত্র দেখা গেল গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটবাজার গুলোতে।
সরেজমিনে গিয়ে অভিযোগ পাওয়া গেছে, ঢাকার বাজার, গাবতলী ও অন্যান্য স্থান থেকে লট ধরে ও পিচ হিসেবে কিনে আনা তরমুজ কালিয়াকৈরের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে। যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। কয়েকটি বাজার ঘুরে ক্রেতাদের অভিযোগ পাওয়া গেছে গত কয়েক দিন আগেও তরমুজের দাম ছিলো অল্প। ৩০০ টকা থেকে ৩৫০ টাকায় বিক্রি হতো বড় আকারের তরমুজ। যা এখন বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৭০০ টাকায়। উপজেলার কালিয়াকৈর, সফিপুর, পল্লীবিদ্যুৎ, মৌচাক সহ সব কয়টি বাজারে একই অবস্থা। তাই চাহিদা মতো অনেকেই তরমুজ ক্রয় করতে পারছেন না বলে অভিযোগ করেন ক্রেতারা।
পাভেল নামের এক ক্রেতা বলেন, সারাদিন রোজা রাখি, ইফতারে একটু তরমুজ খেতে ইচ্ছে হয়। বাসার সকলের পছন্দ তবে বাজারে এসে ব্যবসায়ীদের রক্তচক্ষু আর দাম শুনে অনেকটাই হতাশ হয়ে গেছি। কিছু দিন আগেও যে তরমুজ ৩০০ টাকায় নিতাম সেইটা এখন ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
রোজিনা আক্তার নামের এক শিক্ষিকা জানান, মাঝে মাঝেই তরমুজ কিনিতে বাজারে আসি। তবে বর্তমানে তরমুজের নাম শুনলেই ভয় করে। ছোট একটি তরমুজ কিনতে গেলেও ৫০০ টাকা লেগে যায়। যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে।
এ ব্যপারে কালিয়াকৈর বাজার কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, বাজারে তরমুজের এত দাম জানা ছিলো না। ইফতার শেষে বাজারে যাবো। তারপর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।