মোঃ চান মিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় মা ও মেয়েকে ‘গরু চোর’ অপবাদ দিয়ে পেটানো হয়েছে। শুধু তাই নয়, মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে প্রকাশ্যে সড়কে ঘোরানো হয়েছে। এ ঘটনার একটি চিত্র ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে কোমরে রশি বেঁধে দুই নারীকে প্রকাশ্য সড়কে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুলিশ এসে মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করে।
শুক্রবার দুপুরে হারবাং পহরচাঁদা এলাকায় এ ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশের পর এটি শনিবার দিবাগত রাত ১১টার দিকে জানাজানি হয়। মা ও মেয়ে চকরিয়া হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
বিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শুক্রবার স্থানীয়রা ফাঁড়ি পুলিশকে খবরটি দেন। এর পর মা-মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে পুলিশ।
তিনি আরো জানান, স্থানীয় এক ব্যক্তির গরু চুরির ঘটনায় তাদের অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে মা-মেয়েসহ চারজনের বাড়ি পটিয়ার শান্তিরহাটে। অপরজনের বাড়ি পেকুয়ার লালব্রিজ এলাকায়।
কারা পিটিয়েছে এমন প্রশ্নে ইন্সপেক্টর আমিনুল ইসলাম বলেন, ‘মা-মেয়েকে পেটানোর বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে যায় তখন সেখানে প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সেখান থেকে তাদেরকে আমাদের হেফাজতে নিয়ে আসাটাই প্রাধান্য দিয়েছি। তাদেরকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেছি।
চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, ‘পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে মা-মেয়ের। ভুক্তভোগী কেউ যদি অভিযোগ করে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জড়িতদের বিরুদ্ধে।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, চকরিয়া থানাকে নির্দেশনা দেয়া হয়েছে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য।