আজ ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে মার্চ, ২০২৬ ইং

তাহিরপুরে দোকানে হামলা-ভাঙচুর-লুটে জড়িতদের গ্রেপ্তারের দাবি

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে হামলা, মারধর, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২টায় বাদাঘাট বাজারে স্থানীয় ব্যবসায়ীরা এ মানববন্ধনের আয়োজন করেন। এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার দাবি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের ইউসুফপুর গ্রামের মৃত জমসু শিকদারের ছেলে শামছুল হক শিকদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাজারের এসকে স্বাধীন চা-কপি হাউসে হামলা চালায়। এতে দোকানের পরিচালক আকাশ ও লাদেনসহ নিরীহ ক্রেতাদের ওপর হামলা, মারধর, দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় প্রতিদিনের মতো দোকানে ব্যবসা করছিলেন আকাশ ও লাদেন। এসময় শামছুল হক শিকদার ভাঙতি টাকা নেওয়া নিয়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তিনি হুমকি দিয়ে চলে যান। প্রায় আধাঘণ্টা পর দলবল নিয়ে ফিরে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এসময় দোকানে থাকা ক্রেতারা বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয় এবং দোকানপাট ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা লুট করা হয়।

এ ঘটনায় লাদেন মিয়া (২০), আকাশ মিয়া (২৬), আইন উদ্দিন (২৫), মনসুর আলী (২৮), সালমান (২০) ও জামাল মিয়া (২৯) আহত হন। আহতদের মধ্যে তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত আকাশ ও লাদেনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর বৃহস্পতিবার রাতেই শামছুল হক শিকদারসহ ১৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে শামছুল হক শিকদার বলেন, বাজারে ছেলেদের মধ্যে ঝগড়া হচ্ছে শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। এখন শুনছি, এ ঘটনায় আমাকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বাদাঘাট বাজারে ব্যবসায়ীদের মারধরের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ