আজ ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষে ভোট চাইলেন মনোনয়ন বঞ্চিত সকল প্রার্থী

আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ

আসন্ন জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের শেষ জনসভায় ভোট চাইলেন মনোনয়ন বঞ্চিত সবাই। তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কামরুলকে বিজয়ী করার আহ্বান জানান। সব ভেদাবেদ ভুলে গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দিতে উপস্থিত সবাইকে আহ্বান জানান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার হাইস্কুল মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় এই আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আনিসুল হক, ব্যারস্টির লিটন আফিন্দি, সালমা নজির ও নিজাম উদ্দিন ধানের শীষের পক্ষে কামরুলকে ভোট দেওয়ার আহ্বান জানান। এই বক্তারা সবাই এই আসনে বিএনপির মনোনয়ন দাবিদার ছিলেন।

কামরুজ্জামান কামরুলের শেষ নির্বাচনী জনসভায় নির্বাচনী এলাকার হাজার হাজার নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

মনোনয়ন বঞ্চিত প্রার্থী আনিসুল হক বলেন, আমি প্রাথমিক মনোনয়ন পেয়েছিলাম। পরে কামরুল মনোনয়ন পান। এখন আগামীর সুন্দর বাংলাদেশের জন্য, উন্নয়নের জন্য জাতীয়তাবাদী শক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কামরুলকে ধানের শীষের পক্ষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

অপর মনোনয়ন বঞ্চিত সালমা নজির বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। কামরুলকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ধানের শীষ মানেই উন্নয়ন, সম্প্রীতি ও অগ্রযাত্রা। দেশকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

অপর মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার লিটন আফিন্দি বলেন, ধানের শীষ আমরা চেয়ে পাইনি। এতে ক্ষোভ নেই। আমাদের প্রার্থী কামরুল। তাকে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে। অবহেলিত এলাকার উন্নয়ন করতে হবে।

অপর মনোনয়ন বঞ্চিত নিজাম উদ্দিন বলেন, ধানের শীষ কামরুল ভাইয়ের হাতে। তাকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় শরিক হতে হবে।

এভাবে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুলের শেষ নির্বাচনী জনসভায় তার প্রতিদ্বন্দ্বী  মনোনয়ন বঞ্চিতরা কামরুলের পক্ষে এভাবে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক খসরুজ্জামান, জেলা বিএনপির সদস্য-সচিব এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাদির আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এটিএম হেলাল প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ