আবু জাহান তালুকদার, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুরে দুই কেজি গাঁজাসহ শাহ্আলম (৩২) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত কারবারি শাহ্আলম ওই উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ জানায়, শাহ্আলম দীর্ঘদিন ধরে গোপনে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের বিশেষ নির্দেশনায় শিমুলতলা এলাকায় অভিযান চালায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে মাদক ক্রয়-বিক্রির সময় কারবারি শাহ্আলমকে দুই কেজি গাঁজা ও মাদক কাজে ব্যবহৃত একটা স্মার্টফোন-সহ আটক করা হয়।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামী দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ প্রশাসন। মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের অপতৎপরতারোধে পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।