আজ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৬ ইং

ড্যাফোডিল পরিদর্শনে পর্তুগিজ রাজপরিবারের প্রধান, চুক্তি স্বাক্ষর

সাভার প্রতিনিধি:

ঢাকার সাভারে বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেছেন পর্তুগিজ রাজপরিবারের প্রধান ডম দুয়ার্তে ডিউক অব ব্রাগানজা। এ সময় লন্ডন টি এক্সচেঞ্জের (London Tea Exchange) সঙ্গে ডিআইইউর কৌশলগত অংশীদারিত্ব স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন উদ্যোগ নেওয়ার লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়া ক্যাম্পাসে আসেন পর্তুগিজ রাজপরিবারের প্রধান।

এ উপলক্ষে ফেয়ার পে চার্টার-এর বাংলাদেশ অ্যাম্বাসেডর হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খানকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

লন্ডন টি এক্সচেঞ্জ একটি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান, যা বিলাসবহুল চা বিপণনের পাশাপাশি নৈতিক ব্যবসা ও সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমে পরিচিত। তাদের উদ্যোগে পরিচালিত ফেয়ার পে চার্টার বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, করপোরেট প্রতিষ্ঠান ও উদ্যোক্তা সংগঠনের সঙ্গে যৌথভাবে কাজ করছে, যাতে প্রতিটি দেশে ন্যায্য বেতন নীতি কার্যকর হয়।

ফেয়ার পে চার্টারের লক্ষ্য কর্মক্ষেত্রে ন্যায্য ও স্বচ্ছ বেতন কাঠামো গড়ে তোলা, সমান কাজের জন্য সমান পারিশ্রমিক নিশ্চিত করা এবং বৈষম্যহীন মানবিক কর্মসংস্কৃতি প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে বাংলাদেশে কর্মীদের ন্যায্য প্রাপ্যতা, মর্যাদা ও আর্থিক স্বচ্ছতার সুযোগ বাড়বে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

সফরের অংশ হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও লন্ডন টি এক্সচেঞ্জের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এতে ডিআইইউ এর পক্ষে ড. সবুর খান এবং লন্ডন টি এক্সচেঞ্জের পক্ষে আলিউর রহমান চুক্তিতে সাক্ষর করেন।

তারা জানান, এই চুক্তির উদ্দেশ্য চা সংস্কৃতি, উদ্যোক্তা উন্নয়ন এবং বৈশ্বিক বাণিজ্যে একাডেমিক, সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করা।

এই অংশীদারিত্বের আওতায় ডিআইইউ ‘Tea Mastering’ বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্স চালু করবে। পাশাপাশি গ্রীষ্মকালীন ও মাইক্রো- ক্রেডেনশিয়াল প্রোগ্রাম চালু, শিক্ষার্থীদের জন্য চা বাগান ও প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শনের সুযোগ এবং ক্যাম্পাসে “Tea Corner” স্থাপনের পরিকল্পনা রয়েছে, যেখানে বিশ্ব চা ঐতিহ্য তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় মনে করছে, এতে শিক্ষার্থীরা বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক চা শিল্প সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

একই দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পর্তুগিজ রাজপরিবারের প্রধান ডম দুয়ার্তে পিও, ডিউক অব ব্রাগানজা মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর নাম “Duke of Braganza Youth Leadership & Service Program – Bangladesh Chapter”।

প্রোগ্রামটির মূল থিম “Leadership Through Service” বা ‘সেবার মাধ্যমে নেতৃত্ব’। এই উদ্যোগের লক্ষ্য তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সেবা, টেকসই পর্যটন ও বৈশ্বিক নাগরিকত্বের চেতনা জাগিয়ে তোলা। এর মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশ ও পর্তুগালের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানানো হয়। এই উদ্যোগে পর্তুগিজ রাজপরিবার রয়েল প্যাট্রোনেজ ও সার্টিফিকেশন প্রদান করবে, আর ডিআইইউ বাংলাদেশ অধ্যায়ের (National Secretariat) দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে প্রশিক্ষণ, কর্মশালা ও দেশব্যাপী নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হবে।

সফরের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধন করা হয় “Duke of Braganza Heritage Culinary Studio”। এতে আন্তর্জাতিক রন্ধনশৈলী ও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার সংস্কৃতির সমন্বয় ঘটবে। এটি সাংস্কৃতিক বিনিময়, খাদ্য ঐতিহ্য ও টেকসই গ্যাস্ট্রোনমির কেন্দ্র হিসেবে কাজ করবে বলে জানানো হয়।

রাজকীয় আগমনে পর্তুগিজ রাজপরিবারের প্রধান ডম দুয়ার্তে, ব্রাগানজা ডিউককে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তার সফরের মধ্য দিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পর্তুগালের মধ্যে শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের নতুন অধ্যায়ের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ফ্যামিলি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, “ড্যাফোডিল সর্বদাই বৈশ্বিক শিক্ষার সংযোগ তৈরি করতে কাজ করছে। পর্তুগালের রাজপরিবারের এই সফর ও লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ড্যাফোডিলের আন্তর্জাতিক উপস্থিতিকে আরও শক্তিশালী করবে এবং আমাদের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগিজ রানী ডাচেস ইসাবেল ইনেস দে হেরেদিয়া, ছেলে প্রিন্স আফনসো দে সান্তা মারিয়া, লন্ডন টি এক্সচেঞ্জের গ্রুপ চেয়ারম্যান স্যার শেখ আলিউর রহমান (K.G.O.R., K.C., O.B.E.), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ মাসুম ইকবাল, ট্রেজারার ড. হামিদুল হক খান, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির বলেন, “আমরা তার রাজকীয় আগমনে গর্বিত এবং বাংলাদেশের সঙ্গে পর্তুগালের শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতাকে নতুন দিগন্তে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। এই অংশীদারিত্ব শিক্ষাবিদ ও গবেষণার বিনিময়, এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং যৌথ উদ্যোগের পথ প্রসারিত করবে, যা (ডিআইইউ)-র আন্তর্জাতিক মর্যাদা আরও দৃঢ় করবে।”

সফরের অংশ হিসেবে আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে ড্যাফোডিলের শিক্ষার্থীরা বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি উপস্থাপন করেন। দিনব্যাপী এ রাজকীয় সফরের সমাপ্তি হয় রাজপরিবারের সম্মানে আয়োজিত বিশেষ ন্যাশনাল লাঞ্চের মাধ্যমে। এতে পর্তুগিজ রাজপরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রশাসন, বিদেশি অতিথি, সাংবাদিক

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ