আজ ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৬ ইং

জাবিতে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য প্রজাপতি মেলা

জাবি প্রতিনিধি:

শুক্রবার হেমন্তের শিশিরভেজা সকালে বর্ণাঢ্য সব প্রজাপতির প্রদর্শনী আর শিশুদের কলতানে মুখরিত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন।

“উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সারাদিনব্যাপী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৪তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়।

সকালে মেলার উদ্বোধন করেন জাবির উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “একটি প্রজাপতি পরাগায়নের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করে। মানুষেরও এখান থেকে অনেক কিছু শেখার আছে। বৈষম্যে ঘেরা এই মানবজাতির বৈচিত্র্যের নামে বিভাজনের যে ষড়যন্ত্র, সেটার বিপরীতে প্রজাপতি আমাদের দারুণ এক শিক্ষা দিচ্ছে। একটি প্রজাপতি যদি গোটা মানবজাতিকে রক্ষার জন্য ভূমিকা রাখতে পারে, তাহলে একজন বুদ্ধিবৃত্তিসম্পন্ন মানুষ কেন বুদ্ধিপ্রতিবন্ধীর মতো আচরণ করবে?”

প্রদর্শনীর অংশ হিসেবে মিলনায়তন প্রাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়ের বাটারফ্লাই পার্কে স্ট্রাইপড পিয়েরট, চেস্টনাট অ্যাঙ্গেল, ব্লু টাইগার, কমন স্নো ফ্ল্যাট, রেডস্পট জেজেবেল, কমন হেজ ব্লু, পেইন্টেড লেডি, কমন আর্ল এবং গ্রাস ডেমনসহ প্রায় ৩৫ প্রজাতির প্রজাপতি প্রদর্শিত হয়।

দিনব্যাপী আয়োজিত প্রজাপতি মেলা উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়স ও পেশার দর্শনার্থীরা উপস্থিত হন। শিশুদের মধ্যে কেউ প্রজাপতির আদলে তৈরি পোশাক পরে আসেন, কেউবা মুখে প্রজাপতির আদলে তৈরি মুখোশ। শিক্ষার্থীসহ দর্শনার্থীরা পাঞ্জাবি, শাড়ি এবং বাহারি সাজপোশাকে মেলায় অংশ নেন।

সাভার থেকে পরিবারের সাথে মেলা দেখতে আসা ৫ বছরের শিশু রাইয়ান উচ্ছ্বসিত হয়ে বলে, “আমি অনেকগুলো প্রজাপতি দেখেছি। একটা প্রজাপতি খুব সুন্দর। আমি ওটা নিয়ে যাব।”

জাবির প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত এবং কিউটের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এই মেলার মূল উদ্দেশ্য ছিল প্রকৃতি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি।

মেলার আহ্বায়ক এবং জাবির প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, “২০১৩ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১০ প্রজাতির প্রজাপতি ছিল। তবে, ক্যাম্পাসে নগরায়ণের ফলে আবাসস্থল হারানোর কারণে সাম্প্রতিক গণনায় মাত্র ৭০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেছে।”

মেলায় উপস্থিত বক্তারাও তাদের বক্তব্যে প্রজাপতি সংরক্ষণের ওপর জোর দেন। পাশাপাশি জনসাধারণের মধ্যে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আরও বড় পরিসরে এই মেলা আয়োজনের প্রতিশ্রুতি দেন।

মেলায় প্রকৃতি সংরক্ষণের উদ্যোগের জন্য ‘প্ল্যানটেশন ফর নেচার’-এর প্রতিষ্ঠাতা সবুজ চাকমাকে প্রজাপতি অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদকে প্রজাপতি ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৪ দিয়ে সম্মানিত করা হয়।

এছাড়া দিনব্যাপী কাকতারুয়া পাপেট থিয়েটারের পরিবেশিত পুতুল নাটক ‘প্রজাপতির মেলা’, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি আদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রজাপতি এবং প্রকৃতি বিষয়ক কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি নকশা থেকে অনুপ্রাণিত ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, উন্মুক্ত বিতর্ক প্রতিযোগিতা এবং প্রজাপতি শনাক্তকরণ প্রতিযোগিতাসহ ছিল নানা আয়োজনে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ