মোঃ ওয়াসিমুল বারী সিয়াম, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।আজ রোববার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মফার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- মফার পাড়া এলাকার উবায়দুল হকের মেয়ে রহিমা বেগম (২) এবং আবু তালেবের ছেলে সাঈদ মিয়া (২)। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু প্রতিদিনের মতো সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে দুপুরে পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।