মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৩ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।
শনিবার (১০ জুন) গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের চিপাবারইখালী গ্রামের প্রবাসী সুজন রহমানের বাগানবাড়ির ০.৬৬ একরের পুকুরে এ ঘটনা ঘটে।
পুকুরের রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির ৩ লাখ টাকারও বেশি মাছ বিষ প্রয়োগের ফলে মরে ভেসে উঠেছে।
ওই বাড়ির তত্ত্বাবধায়ক হিসেবে থাকা বাদল খলিফা ও শাহীন হাওলাদার জানান, শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পাই পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে কে বা কারা পুকুরে বিষ প্রয়োগ করে এ ক্ষতিসাধন করেছে বলে মনে হয়।
বাগানবাড়ির মালিক প্রবাসী সুজন রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই শত্রুতা বশতঃ এটি করা হয়েছে।এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেও তিনি জানান।