আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

গঙ্গাচড়ায় মানবিক সহায়তা বক্সের টাকা পেয়ে শামীমের চিন্তা দূর

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মানবিক সহায়তা বক্সের টাকা পেয়ে চিন্তা দূর হলো শিক্ষার্থী শামীমের।

উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়ার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী শামীম চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে সুযোগ পেয়েছে। তবে পড়ালেখা চালিয়ে যাওয়া নিয়ে চিন্তিত ছিলেন শামীম। অবশেষে সেই চিন্তা দূর হলো তার।

খোঁজ খবর নিয়ে জানা গেছে, শামীমের বাবা-মা দরিদ্র। শামীমকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা দেয়া, বই কেনা বা শামীমের মাসিক থাকা খাওয়ার খরচ চালানো তার দরিদ্র বাবা মায়ের পক্ষে সম্ভব নয়। কোনো উপায় না পেয়ে হতদরিদ্র মা-বাবাকে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিনের কাছে আবেদন করেন শামীম।

পরে বিস্তারিত শুনে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত মানবিক সহায়তা বক্স থেকে প্রাপ্ত অর্থ থেকে সোমবার (৭ নভেম্বর) সকালে শামীমকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ ২০ হাজার টাকা দেন ইউএনও। এছাড়া তার বই কেনা, থাকা খাওয়ার ব্যয়ভার বহন করার প্রতিশ্রুতি দেয়া হয়।

এ বিষয়ে শামীম বলেন, ভর্তির সুযোগ পেয়েও বই কেনাসহ থাকা খাওয়া নিয়ে চিন্তিত ছিলাম।

ইউএনও স্যারের মানবিক সহায়তা বক্সের কথা জেনে আবেদন করি। এরপর তিনি আমাকে ডেকে নগদ ২০ হাজার টাকা দিয়েছেন এবং পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ বহনের কথা বলেছেন ‌। আমি এবং আমার পরিবার স্যারের এমন মানবিক সহায়তায় কৃতজ্ঞ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দিন পিএএ বলেন, শামীমের মত এমন অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়,

সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যাবতীয় খরচ বহন করছে উপজেলা প্রশাসন। মানবিক সহায়তা বক্সের টাকা থেকে তাদের সহায়তা করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ