সাভার প্রতিনিধি :
এক দিন পরই মুসলীম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। পশু কোরবানি ও নামাজ আদায়সহ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে দিনটি উদযাপন করবেন মুসলমানরা। আর তাই ঈদ উদযাপনের জন্য নাড়ীর টানে বাড়ি ফিরেছে লাখ লাখ মানুষ।
প্রায় ফাঁকা সাভার ও এর ওপর দিয়ে বয়ে যাওয়া পিচঢালা সড়ক। সুনসান নীরবতার চাদরে যেন ঢেকেছে মহাসড়ক গুলো। দীর্ঘ সময় পর দুই একটি গাড়ি যাতায়াত করছে মহাসড়ক গুলোতে।
শনিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার, নবীনগর, বাইপাইল-চন্দ্রা মহাসড়কের বাইপাইল জিরানী ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া আশুলিয়া ঘুরে এমন চিত্র দেখা গেছে।
তবে বাড়ি যেতে পারেন নি এখনও অনেকেই। গাড়ি সংকটের কারনে অনেকেই ফিরে এসেছেন বাস স্ট্যান্ড থেকে।
ভোর সাড়ে ৫ টার দিকে হাসান রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করেছেন বাইপাইল থেকে। তিনি ঢাকাপোস্টে বলেন, পুরো সড়ক ফাঁকা।
আমি সাড়ে ৫ টার দিকে রওনা করে ২ ঘন্টা ২০ মিনিটে রাজবাড়ী পৌছে গেছি। অন্য স্বাভাবিক সময়ে রাজবাড়ী পৌঁছতে সময় লাগতো প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা। সে তুলনায় আজই বেশি স্বস্তিতে বাড়ি ফেরা হলো।
নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাস স্ট্যান্ডে এখনও কিছু মানুষ নারীর টানে বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছেন। কুড়িগ্রাম যাওয়ার জন্য তেমনি দাঁড়িয়ে আছেন পোশাক শ্রমিক মোখলেসুর রহমান।
তিনি বলেন, সকালে বাড়ি যাওয়ার জন্য স্ট্যান্ডে এসেছি। এসে দেখি মহাসড়ক ফাঁকা। দীর্ঘ সময় পর পর দুই একটি গাড়ি আসে। যে গাড়ি পাবো সে গাড়িতেই উঠে চলে যাবো। এখনও যাত্রীবাহী গাড়ি আসে নি। আসলেই রওনা করবো।
সাভার বাস স্ট্যান্ডের সাভার পরিবহনের লাইম্যান তরিকুল বলেন, সাভারের মহাসড়ক গতকাল থেকেই ফাঁকা। তবে রাতে একটু আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছিল।
আজ মহাসড়কে তেমন গাড়ি নাই। শব্দ নাই। তবে তীব্র গতিতে এখনও কিছু ট্রাক পিকআপ সড়ক দিয়ে ছুটছে। মাঝেমধ্যে যাত্রীবাহী বাস দেখা যাচ্ছে। তবে মহাসড়ক এখন ফাঁকাই বলা যায়।
বাইপাইল টিকেট কাউন্টারের কাউন্টার মাস্টার মামুন বলেন, এখন গাড়ি তেমন একটা নেই। কিছু লোক এখনও গাড়ির অপেক্ষা করছেন।
অনেকেই ট্রাকে কিংবা পিকআপে যাচ্ছেন। তবে মহাসড়ক এখন ফাঁকাই। বর্তমানে যে টুকু গাড়ি চলাচল করছে বেলা গড়ার সাথে সাথে সেটুকুও চলবে না।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান বলেন, সড়কে যানবাহনের চাপ নেই। মহাসড়ক ফাঁকাই বলা যায়। আমাদের টিম প্রতিটি পয়েন্টে পয়েন্টে এখনও রয়েছে।