আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

আশুলিয়ার সেই হোটেলের বিরিয়ানিতে কুকুরের মাংস ছিলো না

নিজস্ব  প্রতিনিধিঃ

ঢাকার সাভারের আশুলিয়ার নরসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ নামের দোকান থেকে জব্দ করা মাংসের টেস্ট রিপোর্ট এসেছে।

রিপোর্ট অনুযায়ী পাঠানো স্যাম্পল কুকুরের মাংস নয় বলে জানিয়েছেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাজেদুল ইসলাম। মুঠোফোনে এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এব্যাপারে মোঃ সাজেদুল ইসলাম জানান, আশুলিয়া থানার এক কর্মকর্তা মাংস পরীক্ষার জন্য আমাদেরকে ‘স্যাম্পল’ দিয়েছিলেন যা আমরা ঢাকায় আমাদের ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম।

সেই রিপোর্ট আমাদের হাতে এসেছে এবং তাতে উল্লেখ রয়েছে যে পাঠানো স্যাম্পলে ওটা কুকুরের মাংস ছিলো না। এই টেস্ট রিপোর্ট আশুলিয়া থানায় প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

গতকাল শনিবার (১১ জুন) দুপুরে এব্যাপারে মুঠোফোনে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুব্রত রায় বলেন, আলামত হিসেবে আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ হোটেল থেকে গত ১৫ মে মাংস জব্দ করে পরীক্ষার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নিকট পাঠানো হয়। এখন পরীক্ষার মাধ্যমে আমাদের কাছে যে রিপোর্ট আসবে, সেই অনুযায়ী আমরা কোর্টে প্রতিবেদন দাখিল করবো।

তিনি আরও বলেন, গত ১৫ মে আশুলিয়ার নরসিংহপুরে উৎসুক মানুষের ক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হোটেল মালিক রাজীবকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

কোন অভিযোগকারী না থাকায় আমি বাদি হয়ে মামলা দিয়ে আটক রাজীবকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেছিলাম। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে মামলা ও আইনগত প্রক্রিয়া নেয়া হবে। আমি এখনও টেস্ট রিপোর্ট হাতে পাইনি, যদি পরীক্ষায় কুকুরের মাংস না হয়ে থাকে তাহলে আসামিকে অব্যাহতি দেবার জন্য আদালতে আবেদন জানাবো।

এব্যাপারে আল্লাহর দান বিরিয়ানি হাউজ দোকানের একটি শাখার মালিক সায়েদ হোসেন বিল্লাল বলেন, আশুলিয়া এবং কাশিমপুরে আমাদের মোট ৭টি শাখা রয়েছে।

এই যে কিছু মানুষ চক্রান্ত করে আমাদের ফাঁসিয়ে দিলো, এর ফলে এখন কাশিমপুরের দুইটি শাখা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। আর এখানের বাকি ৫টি শাখাও প্রায় বন্ধের পথে। যেখানে এক একটি শাখায় প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকার বিরিয়ানি বিক্রি হতো, এই ঘটনার পর থেকে বিক্রি প্রায় নাই বললেই চলে।

তিনি আরও জানান, দোষ না করেও অহেতুক শাস্তি পেলাম আমরা। শুনেছি মাংসের টেস্ট রিপোর্ট এসেছে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ে এবং সেখানে এসেছে ওটা কুকুরের মাংস না। তবে রিপোর্ট এখনও আমরা হাতে পাইনি।

ওটা হাতে পেয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবো। যারা চক্রান্ত করে আমাদেরকে ফাঁসিয়ে সর্বশান্ত করার চেষ্টা করেছে, আমরা উপজেলা প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, সাভারের আশুলিয়ার নরসিংহপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ নামের
একটি হোটেলে গত ১৫ মে (বুধবার) কাচ্চি বিরিয়ানি খাবারের মাংস নিয়ে সন্দেহ হলে জনরোষ নিবৃত্ত করতে ভুক্তভোগীর অভিযোগ ছাড়াই এক হোটেল মালিককে আটক করে আশুলিয়া থানার পুলিশ।

পরে পুলিশ বাদী হয়ে ওই হোটেলের মালিক রাজীবকে
৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। একইসাথে হোটেল থেকে মাংস জব্দ করে ল্যাব পরীক্ষার জন্য সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করে।

ঘটনাটি সেই সময় সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করে।

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাংসের ল্যাব পরীক্ষা দ্বারা জানা গেলো ওই বিরিয়ানি হাউসের কাচ্চিতে ওটা কুকুরের মাংস ছিলো না।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ