আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

ইজিবাইক ছিনতাই চক্রের মুলহোতাসহ ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় প্রাইভেটকারে প্রথমে নতুন ইজিবাইক টার্গেট করে অভিনব কায়দায় ছিনতাই করতো চক্রটি। এদের মধ্যে রয়েছে ছিনতাই ও বিক্রির আলাদা আলাদা টিম। এমন একটি চক্রের মুল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এঘটনায় ১৮ টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার জিরানী বাজার এলাকার বিভিন্ন ইজিবাইক গ্যারেজে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মুল হোতা মোস্তফাকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- লালমনিরহাট জেলার মোঃ বশির আহম্মদ (৪০), কিশোরগঞ্জ জেলার মোঃ মোস্তফা কামাল (৪৯), লালমনিরহাট জেলার মোঃ জিয়াউর রহমান (২৭), দিনাজপুর জেলার মোঃ জলিল (৩২), ও নড়াইল জেলার মোঃ ওসমান শেখ (৩১)। চক্রটির মূল হোতা বশির। সে ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী।

গ্রেফতার মোস্তফা প্রাইভেট কার ও মাইক্রোবাস সরবরাহ করত। জিয়া মোবাইল ফোনে কথা বলার অভিনয় করত। জলিল ও ওসমান ইজিবাইক চালিয়ে গ্যারেজে পৌঁছে দিত। এসব চোরাই ও ছিনতাইকৃত ব্যাটারী চালিত ইজিবাইক বিভিন্ন গ্যারেজে এনে লুকিয়ে রাখত।

র‌্যাব জানায়, চক্র অভিনব কায়দায় ইজিবাইক চুরি করত। তারা প্রথমে প্রাইভেট কার বা মাইক্রোবাসযোগে টাঙ্গাইল, মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার গিয়ে নতুন ইজিবাইকের উপর নজরদারী করত। তারপর ইজিবাইকের সামনে গিয়ে ইজিবাইকের ড্রাইভারকে শুনিয়ে উচ্চস্বরে মোবাইলে কথা বলত “ আম্মা হাসপাতালে ভর্তি, মাঝ পথে গাড়ীটা নস্ট হয়ে গেল, কিভাবে আম্মার কাছে পৌঁছাবো।

আম্মাকে গিয়ে জীবিত পাব কিনা জানি না।” তখন অপর প্রান্ত থেকে বলত, একটা ইজি বাইক নিয়ে চলে আয়। তারপর তারা ইজি বাইকের ড্রাইভারকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অনুয় বিনয় করত। এরপর ইজি বাইক যাত্রা শুরু করার কিছুক্ষণপর তারা জানাত, তাদের কিছু জরুরী কাগজপত্র গাড়ীতে রয়ে গেছে এবং ইজি বাইকের ড্রাইভারকে উক্ত কাগজ গাড়ী থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করত। এরপর ইজিবাইকের ড্রাইভার গাড়ী থেকে নেমে গেলে আসামীরা ইজিবাইক নিয়ে পালিয়ে যেত।

আরও জানা যায়, চক্রটি বিভিন্ন সময় ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে গিয়ে কখনও চালকের হাত পা বেধে, আবার কখনও চালককে অজ্ঞান করে তাকে রাস্তায় ফেলে রেখে তার ইজিবাইক ছিনতাই করত। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. রকিবুল হাসান রকিব বলেন, চক্রের মূলহোতা বশির ও তার অন্যতম সহযোগী জিয়ার সহায়তায় চোরাই ব্যাটারী চালিত ইজিবাইকের রং, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বিভিন্ন লোকজনের কাছে বাজার দামের অর্ধেক দামে বিক্রয় করে দিত।

এভাবে উক্ত চক্র টাঙ্গাইল, মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা হতে বিগত ৩ বছরে ৫০০ এর অধিক ইজিবাইক চুরি ও ছিনতাই করে গরীব ও নিরীহ ইজিবাইক মালিকদের সর্বশান্ত করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ