আজ ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ ইং

দখল হয়ে যাওয়া নদ-নদী ও খাল পরিদর্শনে – কবিরুল ইসলাম

সাভার প্রতিনিধি:

দখল হয়ে যাওয়া নদ-নদী ও খাল উদ্ধার এবং অবৈধ দখল ঠেকাতে সামাজিক আন্দোলন প্রয়োজন। এক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি পরিবেশ ও নদী রক্ষার জন্য যেসব সামাজিক সংগঠন আছে তাদেরও দায়িত্ব এটা প্রতিরোধ করা বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কশিনের উপ-পরিচালক ড. খ. ম কবিরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সাভারের বলিয়ায়পুর এলাকায় সরকারী বামনী খাল ও জলাশয় ভরাট করে গড়ে তোলা জমজম নূর সিটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতীয় নদী রক্ষা কমিশন একটি সুপারিশ প্রদানকারী প্রতিষ্ঠান, আমরা বাস্তবায়ন করিনা। কাজেই যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এগুলোর দেখভাল করা তাদের ওভারসি করার জন্য আবার সামাজিক আন্দোলনের প্রয়োজন। আমরা কোন যায়গা থেকে অভিযোগ পেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করি এবং তদন্ত করি। তারপর আমরা সংশ্লিষ্ঠ বিভাগগুলোকে যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে নির্দেশনা এবং সুপারিশ প্রদান করি।

জাতীয় নদী রক্ষা কমিশনের দায়িত্বই হলো সারা দেশের নদ-নদী ও খাল রক্ষা করা উল্লেখ করে তিনি বলেন, সরেজমিনে পরিদর্শনের প্রাপ্ত তথ্যের সাথে আমরা সি.এস রেকর্ড, আর.এস রেকর্ড এবং বি.আর.এস রেকর্ড পর্যালোচনা করেই আমাদের সুপারিশ পাঠাবো। এছাড়াও সাভার এলাকায় যদি অন্য কোন খালের বিরুদ্ধে অভিযোগ পাই, তাহলে সেগুলোও একই প্রক্রিয়ায় রক্ষা করার চেষ্টা করবো।

এছাড়া আমাদের বিভিন্ন আইন আছে, সেই আইনের মধ্যেও যে কোন ব্যক্তি মালিকানাধীন জমিতেও জলাশয় থাকে সেগুলো জেলা প্রশাসকের অনুমোদন ছাড়া ভরাট করা যাবেনা। কাজেই যে সমস্ত জলাশয় ভরাট হয়ে যায়, সেখানে দেখতে হবে জেলাপ্রশাসকের অনুমোদন আছে কি না? আমরা সেগুলো নিয়েও কাজ করবো।

পরিরদর্শনের সময় জাতীয় নদী রক্ষা কমিশনের সহকারী পরিচালক মোঃ তৌহিদুর রহমান, সহকারী প্রধান তৌহিদুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নুরুল আমিন, সাভার উপজেলার আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী, সাভার উপজেলা ভূমি অভিসের (সদর সার্কেল) উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সার্ভেয়ার মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাভারের বলিয়াপুর এলাকায় নূর মোহাম্মদ নামে একজন প্রভাবশালী ব্যক্তি সরকারী বামনী খাল ও জলাশয় ভরাট করে জমজম নূর সিটি নামে একটি হাউজিং কোম্পানি গড়ে তুলেছেন। সেখানে প্রতিনিয়ত বালু ভরাট শেষে বর্তমানে প্লট নিধারন করা হচ্ছে এবং এরই মাঝে অনেকেই সেখানে প্লট কিনে প্রতারিত হচ্ছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ