মাহমুদুল হাসান, যশোর সদর প্রতিনিধি:
যশোরে ট্রাক চাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে সদর উপজেলার যশোর বেনাপোল মহাসড়কের ধোপাখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ৩ জন ঘটনাস্থলে ও ১ জন হাসপাতালে মারা যান। নিহতরা হলেন চট্টগ্রাম শহরের বাসিন্দা রাফসান,আনুমানিক বয়স ২২ সাদমান আনুমানিক বয়স ১৯ , মিশকাত আনুমানিক বয়স ২৪ও রিজবিউল২২। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম জানান, প্রাইভেটকারটি বেনাপোলের দিকে যাচ্ছিলো। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক প্রাইভেটকারকে চাপা দেয় । এতে ঘটনাস্থলে ৩ জন মারা যান। গুরুতর অবস্থায় ২ জনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান। অপরজনের অবস্থাও আশংকাজনক বলে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এন কে আলম জানিয়েছেন। স্থানীয়রা জানান, হাইওয়ে পুলিশ ৩ জনের লাশ ঘটনাস্থল থেকে নাভারণ ফাঁড়িতে নিয়ে গেছে। আরেক জনের লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ সদস্য রুহুল আমিন জানিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে নিহত ৪ জনের ১ জন রাফসানের ফুফাতো ভাই ফরহাদ জানান, রাফসানের বাবার নাম ইকবাল চৌধুরী। তিনিসহ (রাফসান) ৪ জন প্রাইভেটকারযোগে শার্শার বাগআঁচড়ার সাতমাইল পশু হাটে গরু কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা বেনাপোলে পৌঁছে প্রথমে এক বন্ধুর বাড়িতে যেতে চেয়েছিলেন। পথিমধ্যে দুর্ঘটনায় তারা নিহত হয়েছে বলে জানতে পেরেছি। রাফসান চট্টগ্রাম জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন বলে জানান ফরহাদ। নিহতদের স্বজনরা দুর্ঘটনার খবর শোনার পরই যশোরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল বাশার জানান, ময়নাতদন্তের প্রয়োজন হলে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। অন্যথায় ফাঁড়ি থেকে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।