খ.ম. নাজাকাত হোসেন সবুজ
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
ইঞ্জিনের পাখায় জড়ানো জাল ছাড়াতে গিয়ে খালে ডুবে গেছে জয়নাল শিকদার (৫০) নামের একটি সিমেন্ট কম্পানির কার্গো জাহাজের শ্রমিক। মঙ্গলবার সকাল ১১টার দিকে শরণখোলার বান্দাঘাটা স্লুইসগেট সংলগ্ন খালে এঘটনা ঘটে। ঘটানার প্রায় ছয় ঘন্টায়ও ওই শ্রমিকের সন্ধান মেলেনি। খালের দুই পারে উদ্ধারের অপেক্ষায় রয়েছে শত শত মানুষ।
নিখোঁজ হওয়া শ্রমিক শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের আ.হক শিকদারের ছেলে। তিনি মোংলার ফাইভ রিংস সিমেন্ট কম্পানির সিমেন্ট পরিবহনের এমবি আশিক-৩ কার্গো জাহাজে শ্রমিক হিসেবে কারজ করতেন।
ঘটনার পর পর নিখোঁজের স্বজন ও স্থানীয়রা খালে তল্লাশি করে ব্যর্থ হন। পরে দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল। দুপুর ১২টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শর করেছেন।
কার্গো জাহাজের মাস্টার মো. রাসেল হাওলাদার জানান, তারা সোমবার মোংলা থেকে সিমেন্ট নিয়ে বরিশালে আনলোড করে খালি জাহাজ নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে শরণখোলায় আসেন। পথিমধ্যে বলেশ্বর নদ থেকে আসার সময় জাহাজের পাখায় জাল ও ময়লা জড়িয়ে যায়। জাহাজটি রায়েন্দা খালের স্লুইসগেটের কাছে নোঙর করার পর তার স্টাফ জয়নাল পাখার জাল-ময়লা ছাড়াতে নেমে নিখোঁজ হন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে আসা আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে পানির গভিরতা বেশি হওয়ায় উদ্ধারে সময় লাগছে।