লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সুধীর চন্দ্র বসুনিয়া নামে এক বীর মুক্তিযোদ্ধার জমি দখল ও বসতবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৩ টার দিকে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের পূর্ব নওদাবাস চেয়ারম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাধা দিতে গেলে বেধড়ক মারধরের শিকার হয়েছে ওই বীর মুক্তিযোদ্ধার নাতি পরিমল চন্দ্র বসুনিয়া। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা স্থানীয় হলুদিবাড়ি এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়িতে থাকেন ওই বীর মুক্তিযোদ্ধার নাতি পরিমল চন্দ্র বসুনিয়া।
এই সুযোগকে কাজে লাগিয়ে গভীর রাতে প্রধান আসামি লতিফ ও তার ভাই মান্নার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগী ওই বীর মুক্তিযোদ্ধার জমি দখল বাড়িতে ভাংচুর ও আগুন লাগিয়ে দেন।
এতে নাতি পরিমল ভাংচুরে বাধা ও আগুন নেভাতে এগিয়ে গেলে তার উপর হামলা চালায় অভিযুক্তরা।
এ সময় অভিযুক্তদের বেধড়ক মারধরের বাঁ-হাতে গুরুতর আহত হন ওই বীর মুক্তিযোদ্ধার নাতি পরিমল চন্দ্র বসুনিয়া। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সুধীর চন্দ্র বসুনিয়া বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী হামলার শিকার পরিমল চন্দ্র বসুনিয়া বলেন, আমি বাড়ির ভিতরে একাই ছিলাম। হঠাৎ করে প্রতিবেশী লতিফ মিয়া তার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়।
আমাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে বাঁধা দিতে যাই, এ সময় তারা আমার ওপর হামলা চালায়। আমি এর সুষ্ঠ বিচার চাই।
হাতীবান্ধা থানা পুলিশ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।