এম এ রহিম, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল সোবাহান (৫২) নামে একজনে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী সবুজ মিয়া ও তার ৫ ভাইয়ের বিরুদ্ধে।
গত ২ জুন বেলা বারোটার দিকে ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী বটতলা এলাকায় এই মারধরের ঘটনা ঘটে।
পরদিন এ ঘটনায় ভুক্তভোগী সোবাহান আলী বাদী হয়ে সবুজ মিয়াকে প্রধান আসামি করে আরও ৫ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন- ওই এলাকার মৃত আব্দার রহমানের ৬ ছেলে সবুজ মিয়া (৩৫), রাজু মিয়া(৪০), রেজাউল করিম(৪৫), সাদিকুল ইসলাম(৪৬), মনোয়ার মিয়া(৪৮) ও বিপ্লব হোসেন (৩৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার
টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের সোবাহান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার সবুজ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।
ওই জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে ২টি মামলা করা হয়। সেই মামলায় সোবাহান আলীর পক্ষে রায় প্রদান করেন আদালত।
অভিযোগ উঠেছে, অভিযুক্ত সবুজ ও তার লোকজন আদালতের রায় অমান্য করে জোর করে ওই জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।
এমতাবস্থায় গত ২ জুন দুপুরে স্থানীয় বটতলা দোকানে গেলে এই ঘটনার জের ধরে অভিযুক্ত সবুজ মিয়ার হুকুম তার সহযোগীরা সোবাহান আলীর ওপর হামলা চালায়।
এতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন সোবাহান। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।
এদিকে এই মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর আবারও গত কয়েকদিন থেকে গভীর রাতে ধারালো অস্ত্র হতে নিয়ে সোবাহান আলীর পরিবারকে বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন প্রতিপক্ষের লোকজন৷ ফলে নির্ঘুম রাত কাটাচ্ছেন ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে কথা বলার জন্য প্রধান অভিযুক্ত সবুজ মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, এ সংক্রান্ত অভিযোগ দিয়েছে কিনা জানিনা। তবে অভিযোগ দিয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।