-
- রংপুর
- রাণীশংকৈলে পুড়ানো হলো ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল
- প্রকাশের সময়ঃ August, 2, 2021, 12:38 am
- 160 বার পড়া হয়েছে
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের নেকমরদ বাজারে ৬০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা জনসম্মুখে পুড়িয়ে দেওয়া হয়েছে।
রোববার (১ আগস্ট) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূম) ও ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা এ গুলো পুড়িয়ে দেন। এ সময় ভূমি অফিসের পেশকার সোয়েব আলী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার সাপ্তাহিক হাট নেকমরদ বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির জন্য পাঁচ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বাসনাহার গ্রামের মজিবরের ছেলে মানিক (৪০), একই গ্রামের জব্বার আলীর ছেলে জুয়েল (৩৫), ভবানন্দপুর গ্রামের আমিরুলের ছেলে রাজ (২২), আজগর আলীর ছেলে আবু তালেব (২২) ও করনাইট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ওসমান(৩০)।
একই দিনে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে দুই কাপড় ব্যবসায়ীকে এক হাজার টাকা, ঢেউটিন দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নেকমরদ বাজারের হাট ইজারাদার মোমিনকে লকডাউন চলাকালীন পশুহাট বসানোর অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এসিল্যান্ড প্রীতম সাহা জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি করার অপরাধে প্রায় ৬০ হাজার মিটার জাল জব্দ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আইন অবমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। অন্যদিকে সরকারি বিধিনিষেধ অমান্য করে পশুর হাট বসানোর দায়ে হাট ইজারাদারকেও জরিমানা করা হয়েছে।
এই বিভাগের আরও সংবাদ