মোঃ সুমন ইসলাম, রংপুর প্রতিনিধি :
রংপুর নগরীতে সরেয়ারতল নামক স্থানে ডাম্পার ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনা স্থলে মারা গেছে দুইজন। বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার সময় ও পরে মারা যায় তিনজন।
তাদের কারো নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন, পীরগাছা থেকে ওই অটো রিকশাতে করে রংপুরের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে মাহিগঞ্জ সরেয়ারতল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পীরগাছাগামী একটি ডাম্পার ট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন যাত্রী মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল সালাম ও অন্যদিকে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনা স্থলেই ২জন মারা গেছেন।
আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিলো। পরে আরো তিনজনসহ মোট পাঁচজন মারা গেছে বলে জানান তিনি।