আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক মহেশখালী উপজেলা সভাপতি , উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও উপজেলা (বিএনপি’র) সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মাতারবাড়ীর রিয়াদ মুহাম্মদ আরফাত হোছাইন (৪০) আর নেই । (শুক্রবার) ২৪ অক্টোবর সকাল সাড়ে ৭ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন । মৃত্যুকালে তিনি পিতা-মাতা , স্ত্রী ও ৫ বছরের এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
যুবদল নেতা রিয়াদ মুহাম্মদ আরফাত হোছাইন সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকার বারিধারার একটি হাসপাতালে ভর্তি হন । সেখানে স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । রিয়াদ মাতারবাড়ী ইউনিয়নের তিতা মাঝির পাড়া (পুরান বাজার) এলাকার মোকতার হোছাইন এর একমাত্র পুত্র । জানা যায়, রিয়াদ দীর্ঘদিন বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলায় সক্রিয় ভাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং কক্সবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্বও পালন করে ছিলেন । তিনি ছিলেন মাতারবাড়ী ইউনিয়নের একজন জনপ্রিয় সমাজসেবক ও শিক্ষানুরাগী । ব্যক্তিগত জীবনে ছিলেন সজ্জন, সদালাপী এবং ব্যবসায়ী ।
রিয়াদ মুহাম্মদ আরফাত হোছাইন এর অকাল মৃত্যুতে মাতারবাড়ী সহ পুরো মহেশখালীতে শোকের ছায়া নেমে এসেছে । রিয়াদের মৃত্যুর খবর শুনে তার বন্ধু , শুভাকাঙ্ক্ষী ও আত্মীয় স্বজন সহ দলীয় নেতাকর্মীরা বাঁকরুদ্ধ হয়েছেন । হঠাৎ এমন মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারছেনা , তবুও নিয়তি এবং সৃষ্টিকর্তার প্রকৃতির নিয়মকে গ্রহণ করতে হচ্ছে । রিয়াদের বাড়ীতে গিয়ে দেখা যায় , একমাত্র ছেলেকে হারিয়ে পাগলের মত হাউ মাউ করে কাঁন্নাকাটি করছে তার মা – বাবা , আর স্বামীর মৃত্যুতে বার বার কাঁন্নায় ভেঙ্গে পড়েন স্ত্রী সুমাইয়া । মাতারবাড়ীর পুরান বাজার এলাকায় রিয়াদের শোকাহত বাড়ীর এমন দৃশ্য যেন আকাশ তাবাস ভারি হয়ে উঠেছে । এদিকে রিয়াদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী , শিক্ষক , সুধী সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সর্বস্তরের লোকজন । অনেকে আলাদা শোকবার্তায় মরহুমের কর্মময় জীবন স্মরণ করে তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।
আজ ২৫ অক্টোবর শনিবার দুপুর ২ ঘটিকার সময় মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে রিয়াদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে । জানাযা শেষে তাহার পারিবারিক কবরস্থানে দাপন করা হবে বলে জানান স্বজনরা ।