আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

মদপানে  এক কিশোরের মৃত্যু, আরেক জন হাসপাতালে চিকিৎসাধীন

মো: মজনু আলম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ

অতিরিক্ত মদপানে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও একজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খায়। পরে রাব্বী ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।
আর জহুরুল অসুস্থ অবস্থায় বাড়ি আসলে তার পরিবার সদস্যরা টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত রাব্বীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে তবে অধিকতর তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ