আরিফুল ইসলাম জয় :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের সাত জনসহ নয় জন রোহিঙ্গাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জুলাই) সন্ধ্যায় তিলাই ইউনিয়নের ছাট গোপালপুর কাছুর মোড় থেকে তাদের আটক করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম।
আটককৃতরা হলেন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর সাবিকা খাতুন (৫০), আছমিরা (১৮), নাদিম (১৫), রিয়াজ (১০) তাছমিরা (৭), রুমাজান (৫), ইসমাইল (৩)। অপর দুইজন হলেন টেংরাখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ফাইয়া সালাব (২৭) ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ইসমাইল হোসেন (১৮)।
সহকারী কমিশন (ভূমি) জাহাঙ্গীর আলম জানান, লকডাউন কার্যক্রম বাস্তবায়নকালে দেখা যায় একটি অটো রিকশায় কিছু লোক গাদাগাদি করে যাচ্ছে। রিকশাটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথা বার্তায় সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে তারা জানায় সলিম নামে এক ব্যক্তির মধ্যস্থতায় ভারত যাওয়ার উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।