মোরেলগঞ্জ প্রতিনিধি, মোঃ এখলাস শেখ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া গ্রামে আম্বিয়া বেগম (৪৪) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
শনিবার সকালে নিহতের স্বজনেরা জানতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সহ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে পুলিশ।মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আহমেদ (ওসি তদন্ত ) বিষয়টি নিশ্চিত করেন।
নিহত আম্বিয়া বেগম কিসমত জামুয়া এলাকার মৃত সেকেন্দার আলীর স্ত্রী। তাঁদের ২২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ছেলেটি শহরে গার্মেন্টসে কর্মরত বলে জানা যায়।
বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান বলেন, গরীব বিধবা আম্বিয়া বেগমকে কে বা কারা হত্যা করেছে এখনো স্পষ্ট নয়। এই নারীর স্বামী কিছুদিন আগে মারা যায়। পুলিশের তদন্তে হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে আসবে।
মোরেলগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আহমেদ বলেন, সকালে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।