নয়ন সরদার, শার্শা উপজেলা প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহ¯পতিবার দুপুরে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বুধবার রাত আনুমানিক ১টা ৩৪ মিনিটে তার নিজ ফেসবুক আইডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জড়িয়ে কুরুচিপূর্ণ, চাঞ্চল্যকর ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেন। বিষয়টি তাৎক্ষণিক যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি শাহীন চাকলাদারের দৃষ্টিগোচর হলে তিনি মোবাইল ফোনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রহুল আমীনের দৃষ্টি আর্কষণ করেন। দলের দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দলীয় শৃঙ্খলার পরিপন্থি এবং দলকে নৈরাজ্যের দিকে ঠেলে দেয়ার হীনচক্রান্ত বলে বিবেচিত হওয়ায় তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।স্ট্যাটাসটি নিম্নরুপ : অভিশপ্ত এক মঞ্জিলে শেখ পরিবারের এক সদস্যের রাত্রীযাপন!!!!!! কি এমন কারণ!!!! তার নিচে একজনের মুখে টেপ আটা।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা বলেন, ফেসবুকে বঙ্গবন্ধু বা তাঁর পরিবারের কাউকে জড়িয়ে পোস্ট দেয়া হয়নি। তার সুনাম নষ্ট করার জন্য একটি চক্র ষড়যন্ত্র করছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংগঠনের সাধারণ সম্পাদকে সাময়িক বহিষ্কার করতে পারেন না।
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে কেন্দ্রকে অবহিত করতে হবে। একমাত্র কেন্দ্রই বহিষ্কার করতে পারবে। জেলা কিংবা উপজেলা কমিটির বহিষ্কার করার সুযোগ নেই। গাজী গোলাম মোস্তফার বরখাস্তের বিষয়ে আমার জানা নেই। উপজেলা সভাপতি বহিষ্কার করলে সেটি যথাযথ হয়নি।