ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁও এবার ভরা বর্ষায় ও বৃষ্টির দেখা নেই। পর্যাপ্ত বৃষ্টির না হওয়ায় ক্ষেতে পানি না থাকায় অনেকটাই বিপাকে জেলার আমন চাষিরা।
আবহাওয়ার এই বৈরীতার মাঝে বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন তারা।
কিছু কৃষক শ্যালো মেশিনে পানি সেচ দিয়ে বিভিন্ন এলাকায় আমন চাষাবাদ শুরু করলেও সেচের অতিরিক্ত খরচের কারণে আমন চাষে এবার লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা।
এছাড়াও বৃষ্টির অভাবে চাষের জমি সাথে আমন ধানের উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি অফিস।
গত বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। ফলন উৎপাদন হয় এক লাখ ৫৯ হাজার ৬১০ টন। জুলাই মাসে সাধারণত আমনের চারা রোপণের কাজ চলে।
কিন্তু এ বছর জুলাইয়ের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পার হলেও বিস্তীর্ণ এলাকার চাষিরা বৃষ্টির না হওয়ার কারণে চারা রোপণ করতে পারেননি।
ঠাকুরগাঁও কৃষি অফিস সূত্র জানায়, ঠাকুরগাঁওয়ে আমন চাষ মূলত বৃষ্টিনির্ভর। এ উপজেলায় পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে।
সরকারি হিসেবেই আমন চাষের প্রায় পঞ্চাশ শতাংশ জমিতে সেচের ব্যবস্থা নেই। যেখানে সেচের ব্যবস্থা রয়েছে সেখানকার চাষিরাও বাড়তি খরচ নিয়ে চিন্তায় পড়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় বলেন, প্রতি বছর জুলাই মাসে গড়ে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এ বছর এখন পর্যন্ত বড়জোর ১৭০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। পানির সমস্যায় অনেকেই পাট কেটে আমন ধানের চারা রোপণ করতে পারছে না।
তিনি আরো বলেন, এখন পর্যন্ত ১০ শতাংশ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। দ্রুত ভারী বৃষ্টিপাত না হলে সমস্যা বাড়ার শঙ্কা রয়েছে।
এ অবস্থায় উৎপাদন যেন ব্যহত না হয় সেজন্য চারার বয়স ঠিক রেখে সম্পূরক সেচ প্রদান করে রোপন-কার্যক্রম চলমান রাখার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে বিএডিসি ও বিএমডিএর সেচ পাম্পগুলো চলমান রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।