নিজস্ব প্রতিবেদক :
ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ৮১ নং নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শিক্ষক ও কমিটির লোকজন মিলে পুরাতন স্কুলঘরের টিন দরপত্র ছাড়াই বিক্রির ঘটনায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নান্নার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক। তিনি বলেন, এই স্কুলের কিমিটির কয়েকজন সদস্য ও শিক্ষকরা মিলে দরপত্র ছাড়াই নিজেরা পুরাতন স্কুলের টিন বিক্রি করেছে। ভ্যান গাড়ি টিন উঠাতে দেখেছি।
তখন জিজ্ঞেস করাতে তারা বলছে স্কুলের টিন কিনে নিলাম। আমি তখন ভাবছিলাম হয়ত দরপত্রের মাধ্যমেই স্কুলের টিন বিক্রি হইছে। কিন্তু পরে জানতে পারি যে কোন দরপত্র হয় নাই। প্রধান শিক্ষক ও কমিটির সদস্যরা মিলে এই টিন বিক্রি করেছে।
যুবলীগ নেতা জাকির হোসেন তার বক্তব্যে বলেন, স্কুলের নতুন কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে এলাকার ইয়াবা ব্যবসায়ী রয়েছে। তার নামে এখনো ইয়াবার মামলা চলমান রয়েছে। তার কারসাজিতেই স্কুলের এই টিন বিক্রি করা হয়েছে। আমি উপজেলা শিক্ষা অফিসার ও প্রশাসনের কাছে অনুরোধ জানাই তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর যথাযথ ব্যাবস্থা গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সরকারী স্কুলের জিনিস পত্র এই ভাবে নিজেরদের ইচ্ছে মত বিক্রি করে সেই টাকা শিক্ষক ও কমিটির লোকজন ভাগবাটোয়ারা করে নিবে এটা মেনে নেয়া যায় না। স্কুলের প্রধান শিক্ষক হইয়ে যদি স্কুলের জিনিস পত্র বিক্রি করে সেই টাকা ভাগবাটোয়ারা করে তা হলে সেই শিক্ষক স্কুলের ছাত্রছাত্রীদের কি শিক্ষা দিবে? অবিলম্বে এই দূর্নীতি করা প্রধান শিক্ষককে প্রত্যাহার ও কমিটি বিলুপ্তির দাবি জানান এলাকাবাসী। মানববন্ধন শেষে কয়েকশত লোক নান্নার বাজারে বিক্ষোভ মিছিল করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নান্নার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হক মোল্লা, নান্নার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জামাল হোসেন,ছাত্রলীগ নেতা নিয়ামত মোল্লা ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার কয়েকশত লোকজন।
উল্লেখ্য, গত শনিবার (৪ সেপ্টেম্বর) ৮১ নং নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮/১০ মণ
পুরাতন স্কুলের টিন বিক্রির অভিযোগ উঠে ওই স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিরুদ্ধে। পরে এঘটনায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় আলোচনা সমালোচনা এবং গণমাধ্যমেও উঠে আসে এই দুর্নীতির খবর।
গণমাধ্যমে খবর প্রকাশের পরই
তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে তার প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন উপজেলা শিক্ষা অফিসার ( প্রাথমিক) তাজমুন নাহার।